২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্যাংক-লরি ধর্মঘট স্থগিত

রোববার থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে ট্যাংক-লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে ট্যাংক-লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। চট্টগ্রাম জেলা ট্যাংক-লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক আহম্মদ নবী চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও তেল বিপণনকারী তিনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট স্থগিত করেছি।" বিপিসির পরিচালক (অর্থ) শরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুক্রবার ট্যাংক-লরি মালিক-শ্রমিক নেতাদের বৈঠকের পরদিন এ কথা বলেন তিনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে ট্যাংক-লরির ভাড়া বাড়ানোসহ ১১ দফা দাবিতে রোববার থেকে বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছিল সংগঠনটি। আহম্মদ নবী চৌধুরী বলেন, শুক্রবার রাতে বিপিসি রেস্ট হাউজে অনুষ্ঠিত বৈঠকে ১১ দফার সবগুলোই মানার আশ্বাস দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানার আশ্বাস দেওয়ায় তারা ধর্মঘট স্থগিত করেন। ট্যাংক-লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- চট্টগ্রামে একটি স্থায়ী টার্মিনাল নির্মাণ, তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনকৃত ট্যাংক-লরিগুলোকে প্রতিদিন ভাড়া দেওয়া, প্রতিদিন সকাল ৮টা থেকে ট্যাংক-লরিতে তেল বোঝাই করা, দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ডিপোগুলোতে পৌঁছার এক ঘণ্টার মধ্যে জ্বালানি তেল খালাস করা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিগুলো মানা না হলে ট্যাংক-লরি মালিক শ্রমিকরা ধর্মঘটসহ কঠোর আন্দোলনে যাবে বলে জানান নবী চৌধুরী। বৈঠকে চট্টগ্রাম জেলা ট্যাংক-লরি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ, চট্টগ্রাম জেলা ট্যাংক-লরি মালিক সমিতি, ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৩৮ ঘ.