চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যায় কমর আলী বাজারে এ হামলায় আহত আকবর আলী চৌধুরী হাইদকান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর চৌধুরীর ছোটভাই।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং পরে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন আবদুল মাবুদ খোকন (৩২), মো. হারুন (২২), এমরান হোসেন রনি (২২), সোহেল ইসলাম (২২), সাইদুল ইসলাম (২৬), মো. সুমন (২১), আবুল কালাম (৪৫) ও মো. শাহাবুদ্দিন (২৫)।
মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় প্রভাব পাকাপোক্ত করতে হারুণ ও তার সাঙ্গপাঙ্গরা আকবরের ওপর হামলা চালায়।
ওসি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হামলাকারীরা আকবরের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে।
তিনি জানান, ঘটনার পরপরই এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাইদকান্দিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারদিন আগে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় হারুণ ও তার সহযোগীদের অভিযুক্ত করা হয়। এর জেরে তারা এ ঘটনা ঘটাতে পারে।
এছাড়া ইউপি নির্বাচনে হামলাকারীরা তার বিরোধীপক্ষের হয়ে কাজ করেছে। নির্বাচনে হারার জেরেও এ হামলা হতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ ঘটনায় আহত আকবরের ছোটভাই আজগর কবীর চৌধুরী মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০৩৭ ঘ.
bdnews24