২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান কাটার গান তাল কাটে হিসাবে

মধ্য হেমন্তে রাঙ্গুনিয়ার গুমাই বিলে ধান কাটার পালায় সঙ্গী হলেন মিঠুন চৌধুরী । দেখলেন কৃষকের মুখে হাসি, তবে সেই সঙ্গে শুনলেন হতাশার কথাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্রহায়ন মাস শুরু হয়েছে, ঋতুচক্রে মধ্য হেমন্ত। অন্য সব স্থানের মতো চট্টগ্রামের গ্রামে গ্রামেও চলছে ধান কাটার পালা। পোকার আক্রমণ না থাকায় উৎপাদন এবার ভালো বলেই জানালেন কৃষকরা। কিন্তু জমির বর্গা খরচ, শ্রমিক মজুরি, সার-ওষুধের মূল্যবৃদ্ধিসহ আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় তেমন লাভ হবে না বলে মনে করছেন তারা। শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলার মাঝের বিল, নিশ্চিতাপুর, কাটা বটতল সংলগ্নসহ গুমাই বিলের বিভিন্ন অংশে কথা হয় কৃষক ও ধান কাটার শ্রমিকদের সঙ্গে। উৎপাদন ভালো বললেও খরচের কথা চিন্তা করে খুশি হতে পারছেন না অনেকেই। মাঝের বিল এলাকায় বর্গা নেওয়া জমিতে এদিন ধান কাটছিলেন উপজেলার কদমতলী এলাকার কৃষক বদিউল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২৫ বছর ধরে বিলে ধান চাষ করছি। এবার ধানের ফলন ভালো। তবে দিন দিন জমির উবর্রতা কমছে। ছয় হাজার টাকা দিয়ে দুই কানি জমি বর্গা নিয়ে আমনের চাষ করেছেন বদিউল। সার, কীটনাশক ও সেচসহ এতে মোট খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। তিনি বলেন, "এ জমিতে মোট ২৫ মনের মতো ধান হবে। চলতি বাজার দরে তার দাম হবে ১৫ হাজার টাকা।" "এক জন শ্রমিকের দৈনিক বেতন ৩০০ থেকে ৩৫০ টাকা, সঙ্গে তিন বেলার খাবার। এতো খরচ পোষাবে না বলে দুই ছেলেকে নিয়ে নিজেই ধান কাটছি," যোগ করেন তিনি। একই ধরনের হিসাব দেন কাটাখালীর এখলাস মিয়া। তিন কানি জমি সাড়ে ৯ হাজার টাকায় বর্গা নিয়ে আমনের চাষ করেছেন তিনি। এখলাস বলেন, এসব জমি বিভিন্ন সময় বিভিন্ন জনে চাষ করেন। সবাই ঠিকমতো সার ও কীটনাশক ব্যবহার করে না বলে ফলনে হেরফের হয়। এবার শেষদিকে তেমন বেশি বৃষ্টি হয়নি। বৃষ্টি বেশি হলে আরো ভালো ফলন হতো। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও ধানের উৎপাদন বাড়ার ব্যাপারে আশাবাদী। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও মনে করছেন তারা। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার আবহাওয়া অনুকূল থাকায় এবং কোনো ধরনের পোকার আক্রমণ না থাকায় উপজেলায় গত বছরের চেয়ে ভালো ফলনের আশা করছি।" তিনি জানান, গত বছর গুমাই বিলে প্রায় দুই হাজার ৪০০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। তখন হেক্টর প্রতি উৎপাদন ছিলো প্রায় তিন দশমিক এক মেট্রিক টন। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, গুমাই বিলসহ রাঙ্গুনিয়া উপজেলায় এবার মোট ১৬ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এরমধ্যে ১৬ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান। এ উপজেলায় এবার ৪২ হাজার ৭২৫ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার জেলায় মোট এক লাখ ৮৩ হাজার ৬৬৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে চার হাজার ৯৯৪ হেক্টর বেশি। তিনি বলেন, শুরুর দিকে যেসব ধান পাকে তার ফলন ভালো হয়। শেষের দিকে লাগানো ধানের ফলন তেমন ভালো হয় না। শরীর আর চলে না কোরবানির ঈদের পরপরই দেশের দ্বিতীয় বৃহত্তম গুমাই বিলে ধান কাটা শুরু হয়। বাড়তি উপার্জনের আশায় প্রতিবছরের মতো এবারো দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন কৃষি শ্রমিকরা। ময়মনসিংহের নেত্রকোনা থেকে এ বিলে ধান কাটতে আসা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেত্রকোনায় নিজের অল্প জমি আছে। সেখানে এখনো ধান পাকেনি। তাই বাড়তি কিছু আয়ের আশায় এখানে এসেছি।" তার এলাকা থেকে আরো ২৪ জন ধান কাটতে গুমাই বিলে রয়েছেন বলে জানান তিনি। এবার নিয়ে তৃতীয়বারের মতো গুমাই বিলে ধান কাটতে যাওয়া শফিকুল বলেন, এখনো বিলের সামনের ও মাঝের অংশের ধান কাটা চলছে। শেষের অংশের ধান কাটা শুরু হয়নি। 'ওখান থেকে তিনবার এপার- ওপার করে গৃহস্থের বাড়ি ধান পৌঁছে দিলে আর রথ (শরীর) চলে না।' রংপুর থেকে এসেছেন ৫৭ বছর বয়সী আবু আলম। তিনি বলেন, চার-পাঁচ বছর ধরে এখানে ধান কাটতে আসি। থাকি এক মাসের মতো। এখানকার মানুষ বলে, এ বিলে দেশের আড়াইদিনের খাবার মজুদ আছে। কক্সবাজার থেকে আসা আবু তৈয়ব জানান, দৈনিক ৩০০ টাকা বেতনে কাজ করছি। তিন জন মানুষ সারাদিন কাজ করলে দেড় কানি জমির ধান কাটা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এমআই/২১৪৫ ঘ.