সাভার, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে জমি দখলকে কেন্দ্র করে দু'দলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার সাড়ে ১১টার দিকে সাভার উপজেলার চুনারচর গ্রামে এ সহিংস ঘটনায় নিহতরা হলেন মনির হোসেন ও খালেদ মোশারফ টুটুল। সংঘর্ষে আহত হন কমপক্ষে ২০ জন।
নিহত মনির হোসেন চুনারচর এলাকার কালু মাদবরের ছেলে। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। টুটুল আমিনবাজার এলাকার বড়দেশী মহল্লার জয়নাল মাস্টারের ছেলে। তাকে কুপিয়ে হত্যা করা হয়।
আহতদের সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে টেটাবিদ্ধ লিটন ও গগনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, চুনারচর এলাকার খাল পাড়ের এক বিঘা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে লিটন ও মনিরের পরিবারের বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশ করেও কোনো মীমাংসা হয়নি।
পুলিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষই জমিটি দখলে নেওয়ার জন্য ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া, গোলাগুলি।
প্রত্যক্ষদর্শী নবী উল্লাহ ও আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিটনের পক্ষের লোকজন জমি দখলের জন্য ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ১৫/২০ রাউন্ড গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তখন মনিরসহ তার লোকজন বাধা দিতে গেলেই সংঘর্ষ বাঁধে।
স্থানীয়রা জানায়, মনিরের পক্ষের লোকজন 'ভাড়াটে সন্ত্রাসী' টুটুলকে কুপিয়ে হত্যা করে। তখন লিটনের পক্ষের 'সন্ত্রাসীরা' মনিরকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার পেটে লাগে।
মুমূর্ষু অবস্থায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার এবং সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিকালে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কে পুরুষরা ঘর ছেড়ে অন্য স্থানে আশ্রয় নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৮০০ ঘ.
bdnews24