কিশোরগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের নিকলী উপজেলার টেম্পুস্ট্যান্ডের দখল নিয়ে দুই দল পরিবহন শ্রমিকের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে নিকলী বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থিত টেম্পু স্ট্যান্ডে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষ থামাতে গিয়ে আহত কনস্টেবল আব্দুল মন্নানকে নিকলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
টেম্পু স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ওসমান আলী ও আবু জামান খোকন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। প্রায় এক বছর ধরে স্ট্যান্ডটি ওসমান আলীর অনুসারীদের নিয়ন্ত্রণে রয়েছে।
নিকলী থানার ওসি বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টার দিকে খোকনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সশস্ত্র দল স্ট্যান্ডের দখল নেয়। এর ঘণ্টা দুয়েক পর ওসমান আলীর লোকজন সংগঠিত হয়ে পাল্টা দখল নিতে চাইলে সংঘর্ষ বেঁধে যায়।"
ওসি বলেন, খবর পেয়ে নিকলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ এবং ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, কনস্টেবল মন্নানের পাশাপাশি তিনি নিজেও আহত হয়েছেন।
সংঘর্ষস্থল থেকে আল আমিন নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা বজলুর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24