২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বৃহস্পতিবার রাত থেকে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 03:48 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বৃহস্পতিবার রাত থেকে আট ঘণ্টারও বেশি সময় ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় যাত্রী নিয়ে মাঝনদীতে আটকে থাকে ১১টি ফেরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই ঘাটেই সৃষ্টি হয় ভয়াবহ যানজট। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসির এজিএম আশিকুজ্জামান জানান, মাওয়া ছেড়ে যাওয়া রো রো ফেরি বরকত ও রুহুল আমিন এবং ফেরি কিশোরী, কর্ণফুলী, টাপলু ও যমুনা কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়ে। সকালে আলো বাড়ার পর সেগুলো আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয় বলে জানান তিনি। এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচলও বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বন্ধ হয়ে যায়। কুয়াশা কমার পর আবার চালু হয় সকাল ৯টার দিকে। এই সময়ে দুই ঘাটে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, এনায়েতপুরী ও আমানত শাহ কুয়াশার কারণে এগোতে না পেরে সারা রাত মাঝ নদীতে আটকে থাকে। শুক্রবার সকাল ৯টার দিকে সেগুলো ঘাটে ফেরার পর ফেরি চলাচল আবার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩৬ ঘ.