২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও 'ফিঙ্গার প্রিন্ট' দেওয়া যাবে

কর্মসংস্থানের জন্য বিদেশ গমনেচ্ছুরা এখন থেকে চট্টগ্রামেও 'ফিঙ্গার প্রিন্ট' দিতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসংস্থানের জন্য বিদেশ গমনেচ্ছুরা এখন থেকে চট্টগ্রামেও 'ফিঙ্গার প্রিন্ট' দিতে পারবেন। চট্টগ্রাম বিভাগের বিদেশ গমনেচ্ছুরা সরকারি কার্যদিবসে নগরীর আগ্রাবাদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরে গিয়ে এ কাজ করতে পারবেন। বৃহস্পতিবার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এ ব্যবস্থা চালু করে। বিএমইটি'র পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় ভিসা, চুক্তিপত্র, পাসপোর্টের অনুলিপি দেখাতে হবে। চট্টগ্রামে এ কর্মসূচি চালু করা হলেও যে কেউ ঢাকা অফিসে গিয়েও ফিঙ্গার প্রিন্ট দিতে পারবে। বিদেশে কর্মসংস্থানে ইচ্ছুকদের বিদেশে যেতে ভিসা পাওয়ার পর বিএমইটির বহির্গমন ছাড়পত্র (স্মার্ট কার্ড) গ্রহণের অংশ হিসেবে ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) দিতে হয়। এ জন্য কোনো ফি দিতে হয় না। এর আগ পর্যন্ত বিদেশ গমনেচ্ছুরা ঢাকার ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে ফিঙ্গার প্রিন্ট দিতে পারতেন। চট্টগ্রাম সার্কিট হাউজে এ বিভাগের ফিঙ্গার প্রিন্ট কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইটি'র মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী। বিএমইটির পরিচালক মো. নুরুল ইসলাম এ সময় ফিঙ্গার প্রিন্ট গ্রহণ সংক্রান্ত কারিগরী বিষয় উপস্থাপন করেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২২০০ ঘ.