ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলের নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে প্রথম শ্রেণীর ছাত্র জুবায়ের আহমেদ ফাহিমের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালকে (মাধ্যমিক) আহ্বায়ক করে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় তিন সদস্যের এ কমিটি গঠন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একজন প্রতিনিধি।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আগামী তিন কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে। এ ছাড়া আহত দুই ছাত্রের চিকিৎসার খরচ বহনের জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর খিলগাঁও এলাকায় ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে ফাহিম নিহত ও দুই শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে প্রথম শ্রেণীর ছাত্র আশরাফুল হক শ্রাবণ ঢাকা মেডিকেল কলেজ ও এইচ এম উল্লাস ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৪৩০ ঘ
bdnews24