২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাবিল সীমান্তে বিজিবি'র ডগ স্কোয়াড

সীমান্তে চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কঠোর পদক্ষেপ হিসেবে সিলেটের তামাবিল এলাকায় ডগ স্কোয়াড ব্যবহার শুরু করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

সিলেট, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কঠোর পদক্ষেপ হিসেবে সিলেটের তামাবিল এলাকায় ডগ স্কোয়াড ব্যবহার শুরু করেছে বিজিবি। মঙ্গলবার বিকাল থেকে এ কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম। বিজিবি-৫ ব্যাটালিয়নের এই অধিনায়ক জানান, তামাবিলে তিনটি কুকুর এবং বিজিবি'র ছয়জন প্রশিক্ষিত সদস্য নিয়ে এ কার্যক্রম শুরু হলো। সীমান্তে মাদক চোরাচালানসহ অপরাধ দমনে আরো কঠোর পদক্ষেপ নিতে এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান তিনি। গত ১০ অগাস্ট সিলেট সফরকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশের ১০টি সীমান্ত চৌকিতে ডগ স্কোয়াডের কার্যক্রম শুরু করা হবে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকার কালাসাদেক এলাকায় বিজিবি ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে সীমান্ত এলাকায় সম্ভাব্য অনুপ্রবেশ ও অবৈধ যাতায়াত নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন বিজিবি-৫ ব্যাটালিয়ন অধিনায়ক শফিউল আযম। বৈঠকে উভয় দেশ সীমান্তে টহল জোরদার ও অনুপ্রবেশ ঠেকাতে একযোগে কাজ করতে সম্মত হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম ও বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ৪৪ ব্যাটালিয়নের অধিনায়ক কানওয়ালজিৎ সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৮ ঘ.