বরগুনা/ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক শওকত আলী খান হীরণ ও তার ফুপুর বিরুদ্ধে ওঠা যৌতুক চাওয়ার অভিযোগের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন দুই জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।
বরগুনা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত প্রতিবেদন বুধবার সকালে মন্ত্রণালয়ে ফ্যাক্স করে পাঠিয়ে দিয়েছেন তিনি।
এর আগে মঙ্গলবার সকালে তিনি আমতলী উপজেলায় ফারজানা ইয়াসমিনের বাড়ি পরিদর্শন করেন। ফারজানার সঙ্গে বিয়ের পরপরই তালাক পেয়েছিলেন হীরণ।
এছাড়া মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন পটুয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের।
হীরণের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। তিনি কলাপাড়ার উত্তর চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার ফুপু তাহমিনা ওই উপজেলারই নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তদন্ত প্রতিবেদন পাওয়ার কথা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি প্রতিবেদন যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রতিবেদন দুটি যাচাই করছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমান। যাচাই শেষে সুপারশি তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। অধিদপ্তর সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
এদিকে যৌতুক দাবি করায় হীরণ ও তার ফুপুর শাস্তির দাবিতে বুধবার বিকাল ৩টায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় নজরুল স্মৃতি সংসদ।
গত শুক্রবার বিয়ের আসরে স্বামী হীরণকে তালাক দেন ইডেন কলেজের ছাত্রী ফারজানা। তার বক্তব্য, যৌতুক চাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফারজানা বলেন, হীরণের ফুপু তাহমিনা খানম যৌতুক দাবি করেন, আর তা সমর্থন করেন হীরণ।
এ ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশ হলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন বিষয়টি তদন্তের নির্দেশ দেন। ফারজানার সাহসী ভূমিকার জন্য তাকে অভিনন্দিত করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
মন্ত্রণালয়ের নির্দেশে বরগুনা ও পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ফারজানা ও হীরণের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এই তদন্ত করেন।
পটুয়াখালীর শিক্ষা কর্মকর্তারা জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশ পেলেই ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসআই/এমআই/২১৩৩ ঘ.
bdnews24