২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: আশরাফুল ১০ দিনের রিমান্ডে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি শহর যুবলীগের সভাপতি আশরাফুল সরকারকে ১০ দিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি শহর যুবলীগের সভাপতি আশরাফুল সরকারকে ১০ দিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। পুলিশের আবেদন নরসিংদীর বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহা বুধবার ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে আশরাফুলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী সদর গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "দুপুর সাড়ে ১২টায় কড়া নিরাপত্তার মধ্যে আশরাফুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন।" আশরাফুলকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নরসিংদী পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে নিয়ে এ মামলায় এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে সেলিম নামে একজনকে গাজীপুর থেকে এবং মাসুদুর রহমান টিপন ওরফে পঙ্কা নামে আরেকজনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। নরসিংদী সদর গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মোল্লার দাবি, টিপন মামলার আসামি না হলেও তার জড়িত থাকার কথা সেলিম তাদের জানিয়েছেন। টিপন ও সেলিম দুজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান হোসেন গত ১ নভেম্বর মুখোশধারীদের গুলিতে নিহত হন। এর দুই দিন পর নরসিংদী সদর থানায় মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। এ মামলার ১৪ আসামির অধিকাংশই আওয়ামী লীগ নেতা-কর্মী। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চুও রয়েছেন। বাচ্চুসহ তিন আসামি সোমবার হাইকোর্টে গিয়ে আগাম জামিন চাইলেও বিফল হন। তাদের গ্রেপ্তার না করার বিষয়ে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সময়ের অভাবে ও কৌশলগত কারণে অনেক সময় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় না। তবে পুলিশ এ হত্যার তদন্ত সঠিকভাবে এবং চাপমুক্ত হয়েই করছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে লোকমানের ভাই কামরুজ্জামান মন্ত্রী রাজুর অপসারণ চেয়ে বলেছেন, আসামির ভাই মন্ত্রীর দায়িত্বে থাকলে তার প্রভাবে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪৪৬ ঘ.