২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উন্নয়ন শুধু মুখে নয়: প্রধানমন্ত্রী

নারী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু মুখে উন্নয়নের কথা বললে হবে না, নারীদের জন্য তৈরি করতে হবে ক্ষেত্রও। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু মুখে উন্নয়নের কথা বললে হবে না, নারীদের জন্য তৈরি করতে হবে ক্ষেত্রও। বুধবার রাজধানীতে হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে নারী উদ্যোক্তাদের উন্নয়ন প্রয়াস কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের পণ্যের বিপণনকেন্দ্র 'জয়িতা' ও এর ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি। সরকারি উদ্যোগে রাজধানীর ধানমণ্ডির রাপা প্লাজায় খোলা হয়েছে এ বিপণিকেন্দ্র। প্রধানমন্ত্রী বলেন, "আমরা নারীর আত্ম বিশ্বাস জাগ্রত করতে পেরেছি। নারীরা যে সকল কাজে পারদর্শী- তা প্রমাণ করেছি। তবে নারী উন্নয়নের কথা শুধু মুখে বললে হবে না, এর ক্ষেত্রও তৈরি করতে হবে।" নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, "আমরা আমাদের বোনদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করতে চাই। আপনারা অবহেলিত বোনদের জন্য সুযোগ সৃষ্টি করে দেবেন।" এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে রাপা প্লাজায় জয়িতায় উপস্থিত নারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। মহিলাবিষয়ক অধিদপ্তরের 'নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস (নাউউপ)' নামক একটি কর্মসূচির আওতায় বিপণনকেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। ২০১৩ সালের জুন মাস পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হবে। তৃণমূলের উদ্যোক্তাদের দালালদের হাত থেকে রক্ষা করে শতভাগ লাভবান করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "এই উদ্যোগ এখন ঢাকায় শুরু হলো। এরপর বিভাগ। তারপর, জেলায় জেলায় খোলা হবে মা-বোনেরা তাদের পণ্য বিক্রি করতে পারবেন।" তিনি বলেন, "আমরা নারীর আত্মবিশ্বাস জাগ্রত করতে পেরেছি। নারীরা যে সব কাজে পারদর্শী- তা আমরা প্রমাণ করেছি।" নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের পাশাপাশি সচেতনতা বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। "আমরা হয়তো বেগম রোকেয়ার মতো 'নারীস্থান' করতে পারবো না। তবে আমরা নারী ও পুরুষের জন্য সমান স্থান করতে পারবো", যোগ করেন প্রধানমন্ত্রী। স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীণ শারমিন চৌধুরী বলেন, "নারীর ক্ষমতায়ন এবং নারীকে মূল ধারায় সম্পৃক্ত ও অর্থনৈতিকভাবে লাভবান করতেই এই কর্মসূচি।" মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাপায় বিপণনকেন্দ্র জয়িতা রাপা প্লাজার চতুর্থ ও পঞ্চমতলায় ২৪ হাজার বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হচ্ছে 'জয়িতা'। এখানে ১৬০ থেকে ১৮০টি দোকান করা হবে। গ্রামীণ মেলার আদলে করা হবে এসব দোকান। আশা করা হচ্ছে এর মাধ্যমে তিন বছরে কমপক্ষে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৩১৩ ঘ.