চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন এক ব্যবসায়ী।
সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে অভিযোগটি দায়ের করেন বায়েজিদ থানার ঢেবার পাড়ের আনোয়ার হোসেন।
বিচারক আগামী ৩০ নভেম্বর অভিযোগটি গ্রহণের ব্যাপারে শুনানির দিন নির্ধারণ করেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী ভুলন লাল ভৌমিক।
মামলার অভিযোগে বলা হয়, গত ৯ অক্টোবর অভিযুক্ত এসআই মো. একরামুল বায়েজিদ এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেনকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে থানায় নিয়ে আসেন।
বাদী বিষয়টি জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।
পরে বাদী একরামকে ১০ হাজার টাকা দেন। বাকি অর্থ পরে দেওয়ার শর্তে ছাড়া পান।
পরবর্তীতে আনোয়ার হোসেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম অঞ্চলে লিখিত বক্তব্য দেন। পরে দুদকের কর্মকর্তাদের পরামর্শে আদালতে অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৪১ ঘ.
bdnews24