২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোষ ফারজানার পরিবারের: হীরণ

বিয়ের আসরেই তালাকপ্রাপ্ত পটুয়াখালীর শিক্ষক শওকত আলী হীরণ বিয়ে ভেঙে যাওয়ায় জন্য কনে ফারজানার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, যৌতুক চাননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

বরগুনা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের আসরেই তালাকপ্রাপ্ত পটুয়াখালীর শিক্ষক শওকত আলী হীরণ বিয়ে ভেঙে যাওয়ায় জন্য কনে ফারজানার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, যৌতুক চাননি তিনি। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "যৌতুক দাবি করলে বিয়ের আগেই করতে পারতাম। বিয়ের পরে যৌতুক চাইবো কেন? আমাদের পরিবারের দেওয়া মালামাল কনেপক্ষের পছন্দ না হওয়ায় বিয়েটি ভেঙে গেছে।" তবে হীরণের অভিযোগ অস্বীকার করে ফারজানার বাবা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হীরণের ফুফু নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খানম সকলের সামনেই যৌতুক দাবি করেছেন। না হলে মেয়েকে পাঁচ বছর (বরের বাড়ি তুলে না নিয়ে) ঝুলিয়ে রাখবেন বলেছেন।" কনে ফারজানা ইয়াসমিনের এলাকা আমতলীর হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম মৃধা জানান, রোববার রাত ৮টা পর্যন্ত তার শহরের বাসায় বরপক্ষের লোকজন বৈঠক করেছেন। হীরণ ও তার পরিবারের সদস্যরা কনেপক্ষের বিয়ের খরচ পরিশোধ করে বিষয়টি সমাধানের প্রস্তাব দিয়েছেন, যাতে কনেপক্ষ মামলা নিয়ে না এগোয়। তিনি বলেন, এ ব্যাপারে কনেপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়নি তারা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরণের সঙ্গে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের খলিলুর রহমানের মেয়ে ফারজানা ইয়াসমিনের শুক্রবার দুপুরে বিয়ে হয়। ভোজ শেষে বরের হাতে মেয়েকে তুলে দেওয়ার সময় হীরণের ফুফু যৌতুক চান ফারজানার বাবার কাছে। এর প্রতিবাদে কনে ফারজানা ইয়াসমিন বিয়ের আসরেই বরকে তালাক দেন। যৌতুক চাওয়ায় বিয়ের আসরে বরকে তালাক দেওয়ার খবরটি নিয়ে সংবাদপত্র ও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা হয়। বিয়ে ভেঙে যাওয়ায় হীরণের বাবা কলাপাড়ায় এবং ফারজানার বাবা আমতলী থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিডিনিউজ টোয়েডিন্টফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২১৪৮ ঘ.