২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান না পেয়ে অসন্তোষ আদালতের

পঞ্চদশ সংশোধনীর চার মাস পরও সংবিধানের মুদ্রিত অনুলিপি না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংশোধনীর চার মাস পরও সংবিধানের মুদ্রিত অনুলিপি না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করার বৈধতা চ্যালেঞ্জ করে একটি আবেদনের শুনানিতে সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম এ অসন্তোষ প্রকাশ করেন। শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী শোয়েব উদ্দিন খান সংবিধানের ৯৪ অনুচ্ছেদের প্রসঙ্গ উত্থাপন করার পর আদালত বলে, সংবিধান কি আপনার কাছে আছে? এ সময় তিনি বেসরকারিভাবে প্রকাশিত সংবিধানের একটি অনুলিপি উপস্থাপন করলে আদালত বলে, "এর বিশ্বাসযোগ্যতা কোথায়? সংবিধান সংশোধন হয়েছে গত জুনে। অথচ আমরা এখনো সংবিধানের অনুলিপি পাইনি। সংবিধান সংশোধনের পাঁচ মাসের মধ্যে আমাদেরকে কপি দিতে না পারলে আমরা কীভাবে বিচার করবো? আপনারা কীভাবে প্রাকটিস করবেন?" "এটা খুবই দুঃখজনক। তাহলে আমরা কি সাংবিধানিক বিষয় জড়িত, এমন আবেদনগুলো কি পেন্ডিং রাখবো," বলে আদালত। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, এ বছরের মধ্যেই সংশোর্ধিত সংবিধানের অনুলিপি পাওয়া যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী গত ৩০ জুন সংসদে পাস হয়। নারায়ণগঞ্জের নির্বাচন সংক্রান্ত ওই আবেদনের মূল বক্তব্য সংক্ষিপ্তাকারে উপস্থাপনের জন্য আবেদনকারীকে এক সপ্তাহ সময় দিয়েছে আদালত। গত ৩০ অক্টোবর দুই আইনজীবী ও এক আইন শিক্ষার্থী নারায়ণগঞ্জে সেনা মোতায়েনে সরকারের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। নারায়ণগঞ্জে ভোট গ্রহণের দিন আবেদনের পর তা শুনানির জন্য একটি অবকাশকালীন বেঞ্চে উপস্থাপন করা হয়। তখন আদালত অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে বিষয়টি তুলে ধরার পরামর্শ দেয়। এরপর আবেদনকারীরা আবেদনটি এই বেঞ্চে নিয়ে আসে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী চেয়েও তা পায়নি নির্বাচন কমিশন। এ জন্য বিএনপি শেষ মুহূর্তে ওই নির্বাচন বর্জন করে। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ১২০, ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের প্রতিটি বিভাগ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহায়তা করতে বাধ্য। কিন্তু নারায়ণগঞ্জে তা হয়নি। সংবিধান সমুন্নত রাখতে ভবিষ্যতে নির্বাচন কমিশনের ইচ্ছা অনুযায়ী সব ধরনের সহায়তা যেন ইসিকে করা হয়, এ বিষয়ে আদালতের নির্দেশনা চেয়েছেন আবেদনকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮২৪ ঘ.