ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্র অভিনেতা খলিলের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সন্ধ্যায় তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে তার শয্যার পাশে কিছু সময় কাটান।
ভারপ্রাপ্ত মহাসচিব চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
খলিল (খলিলুল্লাহ খান) কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে শনিবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চন্দ্র প্রকাশ ডোকওয়ালের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
খলিল বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপদেষ্টা।
হাসপাতালে খলিলকে দেখার সময়ে তার পরিবারের সদস্য ছাড়াও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, জাসাস সভাপতি এম এ মালেক, গীতিকার মনিরুজ্জামান মুনীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানও খলিলকে দেখতে হাসপাতালে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩৭ ঘ.
bdnews24