ঝালকাঠি, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশার এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে রোববার থানায় একটি মামলা হয়েছে।
শনিবার বিকালে ঝালকাঠি থেকে রিকশায় কৃত্তিপাশা গ্রামের বাড়ি যাওয়ার পথে মেয়েটিকে (১৮) অপহরণ করা হয়।
কৃত্তিপাশা গ্রামের এই মেয়েটি গত বছর ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে।
মেয়েটির মা'র দায়ের করা মামলায় (নম্বর ৮) পাশের গ্রামের রিপন ও মান্টুসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, মেয়েটিকে বহনকারী রিকশা চালক ঘটনার বর্ণনায় বলেন- বিকাল সাড়ে ৪টার দিকে জোর করে রিকশা থেকে নামিয়ে রিপন ও মান্টুসহ কয়েকজন যুবক একটি প্রাইভেটকারে তুলে তাকে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে নিয়ে যায়।
অভিযোগের বরাত দিয়ে ঝালকাঠি থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরকারীদের মধ্যে পাশের গোবিন্দধবল গ্রামের রিপন (২৮) বেশ কিছুদিন থেকে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে অপহরণ করেছে।
মেয়েটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24