চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সন্ত্রাসীদের গুলিতে আহত এক যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
রোববার ভোররাতে রামু থানার চা বাগান স্টেশন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ওমর ফারুক (২৫) নামে ওই যুবককে চট্টগ্রাম আনা হয়েছিলো।
সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক এস এম ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ফারুক রামু থানার চা বাগান এলাকার নূর মোহাম্মদের ছেলে। রামু থানার উপ-পরিদর্শক (এসআই) পারভীন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুকের সঙ্গে জমি নিয়ে এলাকার কয়েকজনের শত্র"তা ছিলো। এর জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে।
পারভীন বলেন, রাতে চা বাগান রেল স্টেশন এলাকায় নিজের মুদি দোকানে ঘুমিয়ে ছিলেন ওমর ফারুক। রাত ২টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা দরজা ভেঙে তাকে দোকান থেকে বের করে এনে গুলি চালায়।
দুর্র্বৃত্তরা দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা এবং বিরোধপূর্ণ ওই জমির বায়নানামা নিয়ে গেছে বলে পারভীন জানান।
তিনি বলেন, ফারুক মৃত্যুর আগে তার ওপর হামলাকারী কয়েক জনের নাম স্বজনদের জানিয়ে গেছেন।
এ ঘটনায় রামু থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এমআই/১৪৩১ ঘ.
bdnews24