২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক 'সপ্তাশ্চর্যের' তালিকায় সুন্দরবন নেই

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় স্থান পায়নি বাংলাদেশ ও ভারতের সুন্দরবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 04:39 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় স্থান পায়নি বাংলাদেশ ও ভারতের সুন্দরবন। শুক্রবার ভোটগ্রহণ শেষে প্রাথমিক গণনার পর বাংলাদেশ সময় গভীর রাতে এ সংস্থার ওয়েবসাইটে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকা প্রকাশ করা হয়। এই সাতটি স্থান হলো দক্ষিণ আমেরিকার আমাজন, ভিয়েতনামের হ্যালং বে, আর্জেন্টিনা ও ব্রাজিলের ইগুয়াজু জলপ্রপাত, দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ, ইন্দোনেশিয়ার কমোডো, ফিলিপাইনের পুয়ের্তা প্রিন্সেসা পাতাল নদী এবং দক্ষিণ আফ্রিকার টেবল মাউন্টেন। নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, এই সাতটি স্থানের মধ্যে কোনো ক্রম বিবেচনা করা হয়নি। ইংরেজি বানানের অদ্যাক্ষর বিবেচনা করে পরপর নামগুলো লেখা হয়েছে। সংস্থাটি বলছে, এই তালিকা করা হয়েছে প্রাথমিক গণনার ভিত্তিতে। ভোটের হিসাব আবারো পরীক্ষা করে দেখা হচ্ছে এবং কোনো পরিবর্তন হলে তা ওয়েবসাইটে জানানো হবে। আনুষ্ঠানিকভাবে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের নাম ঘোষণা করা হবে ২০১২ সালের শুরুর দিকে কোনো এক সময়। এরে আগে ২০০৭ সালে অনলাইন ও এসএমএস জরিপের ভিত্তিতে পৃথিবীর নতুন সাত আশ্চর্যের নাম ঘোষণা করে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। সেই আয়োজনে ভালো সাড়া পেয়ে এরপর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য প্রচার শুরু করে সংস্থাটি। প্রাথমিকভাবে ৪০৪টি স্থান নির্বাচনের পর ইন্টারনেটে দেওয়া ভোটে ২২২টি দেশের ২৬১টি স্থান দ্বিতীয় পর্বে ওঠে। ২০০৯ সালের ৭ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ছয় মাসের ভোটে নির্বাচিত হয় শীর্ষ ৭৭টি স্থান। এর মধ্যে চূড়ান্ত পর্বে নির্বাচিত ২৮টি স্থানের জন্য গত বছর ২১ জুলাই ভোট গ্রহণ শুরু হয়। নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের এই আয়োজন নিয়ে কয়েকটি দেশে ব্যাপক প্রচার চালানো হয়। এমনকি কোনো কোনো দেশ পর্যটক আকর্ষণের বিষয়টি বিবেচনা করে নিজেদের কোনো স্থানকে সপ্তাশ্চর্য নির্বাচিত করার জন্য সরকারি পর্যায়ে প্রচারে সহযোগিতা দেয়। তবে প্রতিযোগিতার ধরন, একজন যতো খুশি ততো ভোট দেওয়ার সুযোগ এবং উদ্দেশ্য নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় অনেক দেশই বিষয়টি নিয়ে মাতামাতি থেকে বিরত থাকে। আর্থিক বিষয়ে আয়োজকদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মালদ্বীপ ও ইন্দোনেশিয়া প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। অবশ্য ২০০১ সালে প্রতিষ্ঠিত নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের দাবি, তারা এই আয়োজন থেকে কোনো 'লাভ' করেনি। জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো সপ্তাশ্চর্য নির্বাচনের প্রথম আয়োজনের শুরুতে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনকে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা বললেও পরে বিতর্কের পরিপ্রেক্ষিতে নিজেদের দূরে সরিয়ে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৩৫ ঘ.