ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আন্তঃযোগাযোগ বৃদ্ধিতে ঢাকার উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি রবার্ট ওরিস ব্লেইক জুনিয়র বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে সার্ক শীর্ষ সম্মেলনের এবারের থিম 'সেতুবন্ধ রচনা' তার পক্ষে ইতিবাচক।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৃহস্পতিবার এক সাক্ষাতে ব্লেইক এ কথা বলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
সপ্তদশ সার্ক র্শীষ সম্মেলনে অংশ নিতে তারা দুজনই বর্তমানে মালদ্বীপ রয়েছেন।
অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বিষয়ক পার্লামেন্টারি সেক্রেটারি রিচার্ড মার্লসের সঙ্গেও দেখা করেন দীপু মনি।
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে মার্লস বলেন, এক্ষেত্রে সরকারের সঙ্গে কাজ করতে অস্ট্রেলিয়া আগ্রহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২০২১ ঘ.
bdnews24