২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার অভিযোগে ঢাবিছাত্র গ্রেপ্তার

রাজধানীতে এক নারী মডেলকে হত্যার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক নারী মডেলকে হত্যার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মডেল তাহিয়া তাবাসসুম আদৃতাকে (২২) হত্যার অভিযোগে বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া ওই ছাত্রের নাম আশিস কর্মকার ওরফে রেহান ওরফে বিদ্যুৎ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। গত ৩১ অক্টোবর রাতে পুলিশ মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাড়ির চারতলার চিলেকোঠা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে। অজ্ঞাত পরিচয় হিসাবে লাশ উদ্ধারের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলে দুইদিন পর মৃতের পরিচয় পাওয়া যায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদৃতা ও বিদ্যুত মডেলিং করতেন। তারা একসঙ্গে বসবাস করতেন এবং ইয়াবা আসাক্ত ছিলেন জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, "তাজমহল রোডের সেই বাসার চিলেকোঠায় ইয়াবা সেবন করার সময় দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বিদ্যুৎ তাকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।" আদৃতার মোবাইল, ওড়না ও পার্স বিদ্যুৎ তাজমহল রোডের একটি ড্রেনে ফেলে চলে যান বলে জানান তৌহিদুল। তিনি বলেন, "বৃহস্পতিবার তাকে দোয়েল চত্বর এলাকা থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন।" হিন্দু ধর্মাবলম্বী বিদ্যুৎ মুসলমান হিসাবে নিজেকে রেহান নামে পরিচয় দিতেন বলে জানান গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮২০ ঘ.