২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্তগোলা মহাশ্মশান থেকে মিল-মার্কেট উচ্ছেদের দাবি

পোস্তগোলা জাতীয় মহাশ্মশানের জমি থেকে রি-রোলিং মিল ও মার্কেট উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পোস্তগোলা জাতীয় মহাশ্মশান কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোস্তগোলা জাতীয় মহাশ্মশানের জমি থেকে রি-রোলিং মিল ও মার্কেট উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পোস্তগোলা জাতীয় মহাশ্মশান কমিটি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে সমাবেশে কমিটির সভাপতি নিতাই চন্দ্র ঘোষ বলেন, "সিটি কর্পোরেশনের রেকর্ড অনুযায়ী পোস্তগোলা শ্মশানের ৭২ শতাংশ সম্পত্তির মধ্যে ৪১ শতাংশ সম্পত্তি দখল করে একটি রি-রোলিং মিল ও মার্কেট স্থাপন করা হচ্ছে। শফিউদ্দিন শিকদার ও তার ছেলেরা ওই স্থাপনা নির্মাণের কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। নিতাই চন্দ্র ঘোষ জানান, ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নিয়ন্ত্রণাধীন এই শ্মশান থেকে রি-রোলিং মিলটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলেও এর বাস্তবায়ন হয়নি। এ ব্যাপারে শিগগির ব্যবস্থা না নিলে ২৯ ডিসেম্বর নগর ভবন ঘেরাও করা হবে। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেণ চন্দ্র সাহা। বক্তারা অভিযোগ করেন, শ্মশানের প্রায় দেড় বিঘা সম্পত্তি বেহাত হয়ে যাওয়ায় অধিকাংশ ক্ষেত্রে শবদাহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। জায়গার অভাবে শিশুদের মৃতদেহ সমাহিত করার ক্ষেত্রেও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ (ঢাকা বার শাখা) এবং মহানগরীর বিভিন্ন মঠ, মন্দির ও পূজা কমিটির নেতারা মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৫১১ ঘ.