২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই বাসের দুই 'দুর্ঘটনা', ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস এক বৃদ্ধকে চাপা দিয়ে চলে যওয়ার সময় আবারো দুর্ঘটনা ঘটালে এক শিশুসহ তিন পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

গোপালগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস এক বৃদ্ধকে চাপা দিয়ে চলে যওয়ার সময় আবারো দুর্ঘটনা ঘটালে এক শিশুসহ তিন পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন। পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপাপীনাথপুর উত্তরপাড়া এবং এর ৫ কিলোমিটার দূরে বিজয়পাশা এলাকায় দুই দফা দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহতরা হলেন- গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের চাঁন মিয়া (৫৫), চন্দ্রদীঘলিয়া গ্রামের খবির উদ্দিন মোল্ল¬া (৬৫) এবং তার নাতনি গিনি (৬)। আহতদের মধ্যে চারজন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। এরা হলেন- মিজানুর রহমান (৪২), তার স্ত্রী দুলালী বেগম (৩০), তাদের আট মাসের মেয়ে মেধা এবং সোলেমান ভূঞা (৭৫)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজিৎ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের চাঁন মিয়া ফজরের নামাজ পড়ে ভোর সাড়ে ৬টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে খুলনাগামী কমফোর্ট সার্ভিসের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। "এর পাঁচ মিনিটের মাথায় বাসটি বিজয়পাশায় এসে পত্রিকাবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে দুটি টেম্পোর ওপর আছড়ে পড়ে। ছিটকে যাওয়া টেম্পুর নিচে চাপা পড়ে মারা যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খবির উদ্দিন মোল্লা ও তার নাতনি গিনি।" তিনি জানান, বিজয়পাশা আসার আগে কমফোর্ট সার্ভিসের এই বাসটিই যে উত্তরপাড়ায় আরেকজনকে চাপা দিয়ে এসেছে, তা নিশ্চিত করেছেন যাত্রীরা। দ্বিতীয় দফা দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হন। চালক পলাতক রয়েছে। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ৬টা থেকে ওই সড়কের বিজয়পাশা ও গোপাপীনাথপুর উত্তরপাড়া এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ শুরু করে বিক্ষুব্ধ জনতা। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান পুলিশ কর্মকর্তা সুজিৎ কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩২৮ ঘ.