২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হামলায় ৪ ব্যক্তি আহত

বাগেরহাটের কচুয়ায় জাল টাকা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলায় চার ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 04:08 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

বাগেরহাট, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়ায় জাল টাকা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলায় চার ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের কামারগাঁতি গ্রামের রুস্তুম খানের চায়ের দোকানে ঘটনা ঘটে। আহতরা হলেন- হুমায়ুন কবীর (৪৮), বেনজীর হাওলাদার (৫০) ও রকিব খান (২৬)। এ ছাড়া চায়ের দোকানি রুস্তুম খানকে (৪২) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের সবার বাড়ির ওই ইউনিয়নের ঝালোডাঙ্গা গ্রামে। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মুকুল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। এদের মধ্যে রকিব খানের বাম পা ভেঙে গেছে। কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জগন্নাথ চন্দ্র বলেন, রাত ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজারে স্থানীয় দুই যুবকের সঙ্গে জাল টাকার নোট দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে এক পক্ষের ১৫-২০ জন সংঘটিত হয়ে ধারালো অস্ত্র, লাঠিসোটা এবং হাতুড়ি নিয়ে অন্যপক্ষকে খুঁজতে দেপাড়া বাজারে যায়। সেখানে কাউকে না পেয়ে কামারগাঁতি গ্রামের রুন্তুম খানের চায়ের দোকানে বসে থাকা চার ব্যক্তির উপর হামলা চালায়। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০৯৫৩ ঘ.