ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপের রাজধানী মালেতে পণ্য প্রদর্শনী কেন্দ্র খোলার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিমের সঙ্গে আদ্দু দ্বীপে দ্বিপক্ষীয় বৈঠকে বৃহস্পতিবার এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং দুদেশের চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
তারা দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা করেন।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাটপণ্য, ক্রোকারিজ এবং এবং হস্তশিল্পের প্রতি আগ্রহ প্রকাশ করেন।
চট্টগ্রাম-চেন্নাই-মালে রুটে কার্গো এবং যাত্রিবাহী ফেরি চলাচলের সম্ভাব্যতা নিয়ে একটি প্রস্তাব দেন নাসিম।
দুমন্ত্রী ২০১১-১৫ সালের জন্য দুদেশের সাংস্কৃতিক বিনিময় নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২২০২ ঘ.
bdnews24