বরগুনা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ গিয়েছিলো বাল্যবিয়ে বন্ধ করতে। কিন্তু সেই বাড়িতে গিয়ে ভুরিভোজে অংশ নিয়ে বিয়েতে সহযোগিতা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যানসহ প্রায় দেড়শ' অথিতির উপস্থিতিতে বুধবার রাতে বরগুনার বামনা সদর ইউনিয়নের পোটকাখালী গ্রামে এই বিয়ে হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পোটকাখালী গ্রামের আনসার আলীর পঞ্চম শ্রেণীর ছাত্রী রুমানা আক্তার রূপাকে (১১) বিয়ে করে রাতেই নিজের বাড়িতে নিয়ে যায় উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মোয়াজ্জেন হোসেনের ছেলে মজনু (১৭)।
এলাকাবাসী জানান, এ বিয়ে উপলক্ষে কনের বাড়িতে ধুমধাম করে খাবার ও বাদ্য-বাজনার আয়োজন করা হয়। বিয়ের খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ইউএনও এবং সদর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানালে ইউএনও পুলিশকে এ বিয়ে বন্ধ করার নির্দেশ দেন।
ইউএনও মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানার ওসি আমাকে জানিয়েছিলো বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।"
কিন্তু ইউপি চেয়ারম্যান এনায়েত কবীর হাওলাদার, বামনা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ ও গ্রাম পুলিশ আনোয়ার হোসেন পোটকাখালী গিয়ে বাল্যবিয়ে বন্ধ না করে উল্টো ভোজে অংশ নেন।
গ্রাম পুলিশ আনোয়ার হোসেনও স্বীকার করেছেন যে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন হাওলাদারের অনুরোধে তিনি ও এসআই হারুন বিয়ে বাড়িতে মেহমানদের সঙ্গে খেয়েছেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে বামনা থানার ওসি আজম খান ফারুকী দাবি করেন, "গত ভাদ্র মাসেই গোপনে তাদের বিয়ে হয়ে গিয়েছিলো। বুধবার কেবল খাওয়া-দাওয়া হয়েছে। তাই পুলিশ পাঠিয়েও কোনো কাজ হয়নি।"
তবে ইউএনও বলছেন, "নির্দেশ অমান্য করে বাল্যবিয়েতে সহযোগিতা করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
অন্যদিকে ইউপি চেয়ারম্যান এনায়েত কবীর হাওলাদার বলেন, বিয়ে হলেও কাবিন হয়নি। তাই তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না।
রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ কান্তি জানান, রূপা তার স্কুলে পঞ্চম শ্রেণীর নিয়মিত ছাত্রী। ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী তার জন্ম ২০০০ সালের ১১ মার্চ।
তার বাবা আনসার আলী বলেন, সামাজিক নিরাপত্তার অভাবে তিনি মেয়েকে বিয়ে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২০২১ ঘ.
bdnews24