২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে সার্কের সদস্য দেখতে চান খালেদা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ফোরাম-সার্কের পূর্ণ সদস্য হিসেবে চীনের অন্তর্ভুক্তি চান খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 07:26 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ফোরাম-সার্কের পূর্ণ সদস্য হিসেবে চীনের অন্তর্ভুক্তি চান খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে বিরোধী দলীয় নেতা এ ব্যাপারে তার সমর্থনের কথা জানান। বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ''সার্কের পূর্ণ সদস্যপদ চায় চীন। এই বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এ ব্যাপারে তার পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।'' "তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে চীন সার্কের পূর্ণ সদস্যপদ লাভ করবে", যোগ করেন ফখরুল। বৃহস্পতিবার মালদ্বীপে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বর্তমানে চীন সার্কের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে ৫০ মিনিটের বৈঠকে সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণ, রেলওয়ে, জ্বালানি, খনিজ সম্পদ, বিদ্যুৎ, পানি সম্পদ, প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা চান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পার্টির বেইজিং কমিটির সম্পাদক লিউ সি। ঢাকায় চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানিও এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৮ নভেম্বর চীনা কমউিনিস্ট পার্টির এই প্রতিনিধি দল ঢাকায় আসে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্ষতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে। কুম্বিং-ঢাকা আঞ্চলিক সড়ক নির্মাণ প্রসঙ্গ ফখরুল ইসলাম বলেন, "খালেদা জিয়া চীনা কমিউনিস্ট পার্টির সফররত নেতাকে বলেছেন, বাংলাদেশ মনে করে কুম্বিং-ঢাকা আঞ্চলিক সড়ক নির্মাণের মাধ্যমে দক্ষিণ এশিয়া আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে উঠতে পারে।" প্রধানমন্ত্রী থাকাকালে এই সড়ক যোগাযোগের ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনার কথাও উল্লেখ করেন খালেদা জিয়া। "খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ ও বিএনপি 'এক চীন' নীতিতে বিশ্বাসী। তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ অংশ বলেই আমরা মনে করি। তাইওয়ানকে মূল ভূখন্ডের অংশ হিসেবে আমরাও দেখতে চাই", যোগ করেন ফখরুল। জলবায়ু পরিবর্তন ও অভিন্ন নদীর পানি বণ্টন মির্জা ফখরুল বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে হুমকির মুখে পড়বে বাংলাদেশ। এ ব্যাপারে চীনের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা। এছাড়া অভিন্ন নদীর পানি বণ্টনসহ ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবের প্রতিকারে চীনের কারিগরি সহযোগিতাও চেয়েছেন ম্যাডাম।" চীনা কমিউনিস্ট পার্টির নেতা লিউ সি বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বলেও মির্জা ফখরুল জানান। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের নেতারা। দুই দেশের মধ্যে- বিশেষ করে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সর্ম্পকোন্নয়নের বিষয়েও দুই নেতা একমত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৩২১ ঘ.