গাইবান্ধা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা নিয়ে হাতাহাতি থামাতে গিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ ঘটনায় মারা যান দরবস্ত গ্রামের আয়তাল হক (৫৫)।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, কিছুদিন আগে গ্রামের জহুরুল হকের কাছ থেকে আয়তালের চাচাতো ভাই তবিবর মিয়া এক হাজার টাকা কর্জ নেন।
পাওনা টাকা আদায়ের জন্য জহুরুল তার ছোট ভাই চাঁন মিয়াকে নিয়ে সন্ধ্যায় তবিবরের বাড়ি যান।
এ সময় দু'পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
আয়তাল তাদের থামাতে গেলে কিলঘুষি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ রাতেই লাশ উদ্দার করে গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.
bdnews24