২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য সরাতে লাগবে আরো এক দিন

ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কয়েকটি এলাকায় বিপুল সংখ্যক পশু কোরবানি হয়েছে। ফলে বর্জ্য অপসারণে আরো একদিন সময় লাগবে বলে জানিয়েছেন ডিসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কয়েকটি এলাকায় বিপুল সংখ্যক পশু কোরবানি হয়েছে। ফলে বর্জ্য অপসারণে আরো একদিন সময় লাগবে বলে জানিয়েছেন ডিসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। গত সোমবার সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। বাংলাদেশে এই উৎসব কোরবানির ঈদ নামেই পরিচিত। ডিসিসির হিসাবে এবার রাজধানীতে কোরবানির পশুবর্জ্যরে পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার টন। প্রাথমিকভাবে এই বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনা নেওয়া হলেও বুধবার বিপুল সংখ্যক পশু জবাই হওয়ায় তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ইতোমধ্যে আমরা ৯০ শতাংশ বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি। কিন্তু আজো কিছু কিছু এলাকায় কোরবানি হওয়ায় এই বর্জ্যগুলো অপসারণে আরো একদিন লেগে যাবে।" "সায়েদাবাদ, জুরাইন, নয়াবাজারসহ বেশ কিছু এলাকায় আজ (বুধবার) যে পরিমাণ পশু কোরবানি হয়েছে তা এবার কোরবানি হওয়া মোট পশুর প্রায় ১০ শতাংশ", যোগ করেন তিনি। বর্জ্য অপসারণে যথেষ্ট যন্ত্রপাতি থাকার পরও একদিন বেশি সময় লাগার কারণ হিসাবে লোকবল এবং জনগণের সচেতনতার অভাবকে দায়ী করেন বিপন কুমার সাহা। যদিও পশু বর্জ্য দ্রুত অপসারণে ডিসিসি ঈদের অতিরিক্ত ৮২০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়। মোট ১৩৭টি ট্রাক পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করা হয় ঈদের আগের রাত থেকেই। এর বাইরেও বর্জ্য অপসারণে ছয়টি পে-লোডার, চারটি টায়ার ডোজার, ২০টি ডাম্পার, আটটি পানির গাড়ি, ছয়টি টেইলরসহ তিনটি প্রাইম মোভার কাজে লাগায় ডিসিসি। ঈদের দিন (সোমবার) বেলা ২টায় নয়াবাজার আরমানিটোলা পশুর হাটে বর্জ্য অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসিসির প্যানেল মেয়র আনোয়ার হোসেন। বর্জ্য অপসারণে সাহায্য করতে ডিসিসির পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। ৯৫৫৬০১৪, ৯০০৪৭৩৪ ও ৯৮৬১৩৯৩ নম্বরে ফোন করে যে কেউ সাহায্য চাইতে পারেন। বর্জ্য অপসারণের পর জায়গাটি ধুয়ে ফেলার জন্য ডিসিসির পাশাপাশি ঢাকা ওয়াসা, অগ্নিনির্বাপক বাহিনী এবং নৌবাহিনীর ১১টি পানির গাড়ি কাজ করছে। এর সঙ্গে রয়েছে জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি) দেওয়া ১০০টি আধুনিক ময়লা অপসারণ গাড়ি। বর্জ্য অপসারণের পর বিভিন্ন স্থান জীবাণুমুক্ত করতে ২ হাজার কেজি ব্লিচিং পাউডার এবং ২ হাজার লিটার ডেটল ব্যবহার করা হচ্ছে বলেও জানান ক্যাপ্টেন বিপন। ঢাকা ওয়াস্ট কালেকশন ফাউন্ডেশনের (ডিডব্লিউসিএফ) আওতায় প্রায় সাড়ে ৬ হাজার প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডার বা পিসিএসপি সদস্য বর্জ্য অপসারণে সিটি করপোরেশনকে সহায়তা দিচ্ছে। তাছাড়া প্রতিটি এলাকায় রয়েছে বিশেষ 'ভ্যান সার্ভিস'। কোরবানির পশুবর্জ্য দ্রুত অপসারণে ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি আগেই বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৭৩৯ ঘ.