২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি হওয়া ২টি সিন্দুক পাওয়া গেলো তেজগাঁও

রাজধানীর খিলগাঁও ও শ্যামবাজার থেকে চুরি হওয়া দু'টি সিন্দুক শিল্পাঞ্চল থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও ও শ্যামবাজার থেকে চুরি হওয়া দু'টি সিন্দুক শিল্পাঞ্চল থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিজিপ্রেস সংলগ্ন মাঠের কাছে একটি নির্জন স্থানে পরিত্যক্ত অবস্থায় সিন্দুক দু'টি পাাওয়া যায়। দুই সিন্দুকেরই তালা ভাঙা ছিল বলে পুলিশ জানিয়েছে। সোমবার রাতে খিলগাঁওয়ের এক স্বর্ণের দোকান থেকে একটি এবং শ্যামবাজারের এক সবজির আড়ত থেকে অপর সিন্দুক চুরি হয়েছিল। খিলগাঁও থানার উপ-পরিদর্শক সাজেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে খিলগাঁও শিপাহিবাগ উত্তর গোড়ানে আঁখি জুয়েলার্স চুরি হয়। দোকানের তালা ভেঙে চোরেরা প্রায় ছয়ভরি স্বর্ণ, দুই কেজি রূপা এবং নগদ ৩৫ হাজার টাকাসহ সিন্দুকটি নিয়ে যায়। দোকান মালিক মো. আলম থানায় একটি মামলা করেছেন। তালা ভাঙা থাকায় কোনো মালামাল বা টাকা কিছুই পাওয়া যায়নি, বলেন সাজেদুল হক। সুত্রাপুর থানার উপ-পরিদর্শক জহির রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে এক সবজি ব্যবসায়ী থানায় এসে জানান তার শ্যামবাজারের আড়ত থেকে একটি সিন্দুক চুরি হয়েছে। শিল্পাঞ্চল থানায় গিয়ে তিনি সিন্দুকটি সনাক্ত করেছেন। তবে পুলিশ বলার পরও ওই ব্যবসায়ী মামলা করেননি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/২১৪৯ ঘ.