২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য সাফের কাজ এগিয়ে চলেছে

দেড় দিনেই অধিকাংশ বর্জ্য অপসারণ হয়েছে বলে জানিয়েছেন ডিসিসি কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ঈদুল আজহায় ২২ হাজার টন বর্জ্য অপসারণের কাজ এগিয়ে নিয়ে চলেছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)। ঈদের দিনে কোরবানি হওয়া অধিকাংশ পশুর বর্জ্য মঙ্গলবার বিকালের মধ্যেই অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা। তবে সব এলাকার বর্জ্য অপসারণে ডিসিসির বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার অতিরিক্ত আরো খানিকটা সময় প্রয়োজন হচ্ছে জানিয়ে তিনি বলেন, "আজও (মঙ্গলবার) প্রায় ৩০ শতাংশ পশু কোরবানি হয়েছে এবং আগামীকাল আরো কিছু হবে। এক্ষেত্রে নতুনভাবে জমা হওয়া এই বর্জ্যগুলো অপসারণে আমাদের আরো কিছু সময় লাগবে।" এর আগে ক্যাপ্টেন বিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এবার রাজধানীতে চার লাখের বেশি গবাদি পশু কোরবানি হয়েছে। সে হিসাবে ২২ হাজার টন বর্জ্যরে ৪০ শতাংশ প্রথম দিন এবং বাকি ৬০ শতাংশ বর্জ্য আগামী দুই দিনে অপসারণ করা হবে। ঈদের দিন (সোমবার) বেলা ২টায় নয়াবাজার আরমানিটোলা পশুর হাটে বর্জ্য অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসিসির প্যানেল মেয়র আনোয়ার হোসেন। এর আগে পশুর বর্জ্য দ্রুত অপসারণে ডিসিসি অতিরিক্ত ৮২০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়। ঈদের আগের রাত থেকেই ১৩টি ট্রাকসহ অতিরিক্ত ১৩৭টি ট্রাক পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকে। এছাড়াও বর্জ্য অপসারণে ডিসিসিতে আরো রয়েছে ছয়টি পে-লোডার, চারটি টায়ার ডোজার, ২০টি ডাম্পার, আটটি পানির গাড়ি, ছয়টি টেইলরসহ তিনটি প্রাইম মোভার। বর্জ্য অপসারণে সাহায্য করতে ডিসিসির পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। ৯৫৫৬০১৪, ৯০০৪৭৩৪ ও ৯৮৬১৩৯৩ নম্বরে ফোন করে যে কেউ সাহায্য চাইতে পারবে। বর্জ্য অপসারণের পর জায়গাটি ধুয়ে ফেলার জন্য ডিসিসির পাশাপাশি ঢাকা ওয়াসা, অগ্নিনির্বাপক বাহিনী এবং নৌবাহিনীর ১১টি পানির গাড়ি কাজ করছে। এর সঙ্গে রয়েছে জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি) দেওয়া ১০০টি আধুনিক ময়লা অপসারণ গাড়ি। বর্জ্য অপসারণের পর বিভিন্ন স্থান জীবাণুমুক্ত করতে ২ হাজার কেজি ব্লিচিং পাউডার এবং ২ হাজার লিটার ডেটল ব্যবহার করা হচ্ছে বলেও জানান ক্যাপ্টেন বিপন। ডিসিসির বাইরে ঢাকা ওয়াস্ট কালেকশন ফাউন্ডেশনের (ডিডব্লিউসিএফ) আওতায় প্রায় সাড়ে ৬ হাজার প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডার বা পিসিএসপি সদস্য বর্জ্য অপসারণে সিটি করপোরেশনকে সহায়তা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। তাছাড়া প্রতিটি এলাকায় রয়েছে বিশেষ ভ্যান সার্ভিস। এর আগে কোরবানির পশুবর্জ্য দ্রুত অপসারণে ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৮১০ ঘ.