২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানী দেওয়া হলো না আমির হোসেনের

বরিশাল শহরের বাসা থেকে ঝালকাঠির গ্রামে ঈদ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন আমির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

বরিশাল, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শহরের বাসা থেকে ঝালকাঠির গ্রামে ঈদ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন আমির হোসেন। সোমবার সকালে এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা দুই ছেলে তানজিল মোর্শেদ (৩০) ও প্রিন্স মাহমুদ (২৮) গুরুতর আহত হন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমির হোসেন (৬০) বরিশালের রূপাতলী গাউছিয়া সড়কের বাসিন্দা। গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া গ্রামে। রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম তালুকদার সাংবাদিকদের জানান, আমির হোসেন কোরবানী দেওয়ার জন্য সকালে দুই ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। রাজাপুরের বলাইখালী এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই আমির হোসেনের মৃত্যু হয় বলে জানান এসআই। তিনি জানান, চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে, বলেন এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২০ ঘ.