ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ঈদুল আজহায় ২২ হাজার টন বর্জ্য হবে ধরে তিন দিনের মধ্যে তা অপসারণের কাজে নেমে পড়েছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।
সোমবার বেলা ২টায় নয়াবাজার আরমানিটোলা পশুর হাটে বর্জ্য অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসিসির প্যানেল মেয়র আনোয়ার হোসেন।
সোমবার ঈদের নামাজের পরপরই পশু কোরবানি দেওয়া শুরু হয়। এর আগে থেকে পশুর হাটগুলোতে বর্জ্য জমতে থাকে।
ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার রাজধানীতে চার লাখের বেশি গবাদি পশু কোরবানি হয়েছে। সে হিসাবে ২২ হাজার টন বর্জ্যরে ৪০ শতাংশ প্রথম দিন এবং বাকি ৬০ শতাংশ বর্জ্য আগামী দুই দিনে অপসারণ করা হবে।
পশুর বর্জ্য দ্রুত অপসারণে ডিসিসি অতিরিক্ত ৮২০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিয়েছে। "ঈদের আগের রাত থেকেই ১৩টি ট্রাকসহ অতিরিক্ত ১৩৭টি ট্রাক পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছে," বলেন বিপন।
বর্জ্য অপসারণে ডিসিসিতে আরো রয়েছে ছয়টি পে-লোডার, চারটি টায়ার ডোজার, ২০টি ডাম্পার, আটটি পানির গাড়ি, ছয়টি টেইলরসহ তিনটি প্রাইম মোভার।
বর্জ্য অপসারণে সাহায্য করতে ডিসিসির পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে। ৯৫৫৬০১৪, ৯০০৪৭৩৪ ও ৯৮৬১৩৯৩ নম্বরে ফোন করে যে কেউ সাহায্য চাইতে পারবে।
বর্জ্য অপসারণের পর জায়গাটি ধুয়ে ফেলার জন্য ডিসিসির পাশাপাশি ঢাকা ওয়াসা, অগ্নিনির্বাপক বাহিনী এবং নৌবাহিনীর ১১টি পানির গাড়ি কাজ করছে। এর সঙ্গে রয়েছে জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি) দেওয়া ১০০টি আধুনিক ময়লা অপসারণ গাড়ি।
বর্জ্য অপসারণের পর বিভিন্ন স্থান জীবাণুমুক্ত করতে ২ হাজার কেজি ব্লিচিং পাউডার এবং ২ হাজার লিটার ডেটল ব্যবহার করা হচ্ছে বলেও জানান ক্যাপ্টেন বিপন।
ডিসিসির বাইরে ঢাকা ওয়াস্ট কালেকশন ফাউন্ডেশনের (ডিডব্লিউসিএফ) আওতায় প্রায় সাড়ে ৬ হাজার প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডার বা পিসিএসপি সদস্য বর্জ্য অপসারণে সিটি করপোরেশনকে সহায়তা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে।
তাছাড়া প্রতিটি এলাকায় রয়েছে বিশেষ ভ্যান সার্ভিস।
এর আগে কোরবানির পশুবর্জ্য দ্রুত অপসারণে ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২৩৪৫ ঘ.
bdnews24