গাজীপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও মো. কামারুজ্জামানসহ বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা ঈদ করেছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে।
এরমধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা। এছাড়াও রয়েছেন 'বিতর্কিত' ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন।
সোমবার দুপুরে লুৎফুজ্জামান বাবরের সঙ্গে স্বজনরা দেখা করতে গেলেও আর কোনো নেতার কাছে কেউ যায়নি বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
জেল সুপার জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে বাবরের ছোট বোন ডা. লুৎফুন্নাহার, চাচাতো ভাই মহিদুল ইসলাম ও মফিদুল ইসলাম কারাগারে গিয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তারা বাবরের জন্য রান্নাকরা ন্যুডলস ও মাংস আনেন বলে জানান তিনি।
কারা কর্মকর্তা আরো বলেন, এবার সালাউদ্দিন কাদের চৌধুরী ও লুৎফুজ্জামান বাবরসহ এক হাজার সাতশ'রও বেশি বন্দি কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১ নম্বর ইউনিটে ঈদ করেছেন।
এ ইউনিটে সকাল ৯টা থেকে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া ২ নম্বর ইউনিটে ঈদ নামাজ আদায় করেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু, মো. কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও গিয়াস উদ্দিন আল মামুনসহ তিন হাজার ৮৭৪ জন বন্দি।
এ ইউনিটে সকাল সাড়ে ৮টা থেকে ১০টি জামাত অনুষ্ঠিত হয়।
২ নম্বর ইউনিটের কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ জানান, কারাগারে খাবারের তালিকায় ঈদের দিন সকালে পায়েস-মুড়ি, দুপুরে সাদা ভাত, আলুর দম ও মাছ ছিল।
রাতে রয়েছে পোলাও, মাংস, কোল্ড ড্রিংকস ও পান-সুপারি।
রাতের খাবার বিকাল ৩টার দিকে বন্দিদের কাছে সরবরাহ করা হয় বলে জানান এই কারা কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24