২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কালী মন্দিরে মূর্তি ভাংচুর

ঢাকার সাভারে একটি কালী মন্দিরের চারটি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

সাভার, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে একটি কালী মন্দিরের চারটি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে রাজফুলবাড়িয়া এলাকার কুটিবাড়ী মহল্লার 'মা রক্ষা কালী মন্দিরে' এ হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ সময় হামলাকারীরা মূর্তির স্বর্ণের গহনা লুট করেছে বলেও মন্দির কর্তৃপক্ষ অভিযোগ করেছে। মন্দির পরিচালনাকারী বিশ্বনাথ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে কয়েকজন যুবক মন্দিরে ঢুকে আচমকা হামলা চালায়। তারা একটি কালী, একটি মনসা ও দু'টি গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি ভাংচুর করেছে। যাওয়ার সময় মূর্তির গলা, কান ও নাকে থাকা স্বর্ণের গহনা লুট করে, বলেন তিনি। হামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্দিরে হামলার ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৯ ঘ.