২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘটনাবহুল ৭ নভেম্বর

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত একটি দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর। দেশের রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন নামে পালিত হয় দিনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত একটি দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর। দেশের রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন নামে পালিত হয় দিনটি। প্রধান বিরোধী দল বিএনপি ৭ নভেম্বরকে পালন করে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে। জাসদ পালন করে 'সিপাহি-জনতার অভ্যূত্থান দিবস' হিসেবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ 'মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' হিসেবে দিনটি পালন করে। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে রাজনৈতিক পালাবদলের এক পর্যায়ে ৭ নভেম্বরের ঘটনার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে দেশের ইতিহাসের যাত্রা শুরু হয় বলে অনেক বিশ্লেষকই মনে করেন; কেননা এর পর থেকে রাষ্ট্রের মৌলিক চরিত্র বদলে যেতে থাকে, দীর্ঘ সেনাশাসনের ভিত্তিও রচিত হয়। বিএনপি সরকারে থাকা অবস্থায় এ দিনে সরকারি ছুটি থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তা বাতিল করা হয়। এবার দিনটিতে বিএনপি ছাড়া আর কারো কোনো কর্মসূচি নেই। সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এর আগে ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। কার্যত ১৯৭৫ সালের এ দিনেই জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক। পরে তিনি রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সেনাপ্রধান হিসেবে দায়িত্বে আসেন সেনাউপপ্রধান জিয়াউর রহমান। অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে। যারা ১৫ অগাস্টের পর থেকে বন্দি ছিলেন। এরপর জিয়ার মতোই মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যূত্থান হয়। এতে গৃহবন্দি হন জিয়া। এরপর ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যূত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। ওই অভ্যূত্থানে জাসদের নেতা-কর্মীরাও যোগ দেয়। জিয়া মুক্ত হওয়ার পর খালেদ মোশাররফ ও তার সঙ্গী মেজর হায়দারসহ অনেককে হত্যা করা হয়, যার অধিকাংশই মুক্তিযোদ্ধা। তবে জিয়াকে মুক্ত করতে যিনি ছিলেন নেতৃত্বের কাতারে সেই কর্নেল তাহেরকেও পরে সামরিক আদালতে প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়। সামরিক আদালতে কর্নেল তাহেরের ওই বিচার যে অবৈধ ছিলো, তা উচ্চ আদালতের রায়ে প্রমাণ হয়েছে। আদালত এটাও বলেছে, বিচারের নামে ঠাণ্ডা মাথায় খুন করা হয় তাহেরকে, আর এর পরিকল্পনায় ছিলেন জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২৩০ ঘ.