কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিনা ও ভুট্টা দুই ভাই। বাড়ি কেরানীগঞ্জের মাদারীপুর গ্রামে। চিনা মৌলভীবাজারের মনোহারি দোকানে কাজ করেন, ভুট্টা কাজ করেন শহীদনগরে একটি জুতার দোকানে।
কিন্তু ঈদুল আজহার দিনে দুই ভাই 'জাত কসাই' বনে যান। দুটি দল গঠন করে দুজনই পাড়ায় পাড়ায় গরু জবাই ও মাংস কাটার কাজ করেন।
ভুট্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই দিনে (ঈদের দিন ও পরদিন) প্রায় ১৫টি গরু বানাতে পারি। এতে বেশ আয় হয়, যা চাকরি করে আয় করতে পারি না।"
পেশাদার কসাই না হওয়ায় সমস্যা হয় না- জানতে চাওয়া হলে চিনা বলেন, "১০ বছর ধরে ঈদে এ কাজ করছি। প্রথম প্রথম অনেক চামড়া নষ্ট করেছি, কিন্তু এখন আর হয় না।"
সোমবার সারাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। সেদিন এবং তার পরের দুই দিন পশু কোরবানি দেওয়া হয়।
কামরাঙ্গীরচর মাদবর বাজারের জাহাঙ্গীর মাতবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফরিদপুর থেকে মানিক নামে এক কসাই ঈদের দিন এসে তার দুটি গরুর মাংস কেটে দেবে।
মানিক প্রতি বছর ঈদের দিন ফরিদপুর থেকে ঢাকায় এসে কামরাঙ্গীর চর এলাকায় প্রায় ২০টি গরুর মাংস কেটে দেয় বলে জানান জাহাঙ্গীর মাতবর।
এ সব 'অতিথি' কসাইয়ের পাশাপাশি ঈদের এ সময়টাতে পেশাদার কসাইদেরও চাহিদা বেড়ে যায়। মাদবর বাজার এলাকায় কথা হয় কসাই বাবুল, নূর ইসলাম ও মিছির আলীর সঙ্গে।
তারা প্রত্যেকে তিন/চার জন সহযোগী নিয়ে একটি দল তৈরি করেন। প্রত্যেক দলের সদস্য হয় চার থেকে পাঁচ জন।
নূর ইসলাম বলেন, পাঁচ জনের একটি বড় গরু দুই ঘণ্টায় কেটে ফেলা যায়।
এই দুই দিনে নূর ইসলামের ৫০ হাজার টাকা আয় হবে বলে তিনি আশা করছেন।
চাহিদা বেশি থাকায় কেউ কেউ হন্যে হয়েও কসাই খুঁজে পাচ্ছেন না। তেমনই এক জন কেরানীগঞ্জের খাগাইল গ্রামের বাসিন্দা হাজি আজাদ আলী। তিনি দুটি গরু কিনেছেন গাবতলী হাট থেকে।
আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪০ বছর ধরে ঈদের দিন পশু কোরবানি দেই, কিন্তু কখনো কসাইয়ের জন্য এমন বিপাকে পড়িনি।"
অনেক খুঁজে অবশ্য রাজধানীর মিরপুর থেকে কাল্লু নামে এক কসাইকে রোববার রাজি করাতে পেরেছেন আজাদ।
তবে অনেকে আগে থেকেই কসাইয়ের সঙ্গে বন্দোবস্ত করে নেন। মিরপুর-১১ নম্বরের বাসিন্দা আনিছুর রহমান জানান, প্রতি বছর কালাম নামে এক কসাই আরো চার জন সঙ্গী নিয়ে এসে কাজ করে দেয়। তাই গরু জবাই করা ও মাংস কাটা নিয়ে তার চিন্তা নেই।
ঈদের সময় গরু জবাই ও কাটার জন্য মজুরির একটি হিসেবও করে নিয়েছেন কসাইরা। গরুর দামের ওপর নির্ভর করে তা। প্রতি হাজার টাকার জন্য তারা ১০০ টাকা করে নিয়েছিলেন গত বছরও।
তবে অনেক কসাই এবার বেশি দাবি করছে বলে জানালেন পুরান ঢাকার মিটফোর্ড এলাকার বাসিন্দা মজিবুর রহমান।
তিনি বলেন, "কসাইদের কদর বেড়ে গেছে। ওই টাকায় এখন পাওয়া যাচ্ছে না।"
দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় যোগান আসে কোরবানির ঈদের সময়টাতে। ফলে দক্ষ কসাইয়ের কদর বেশি, কারণ ছাড়ানোর সময় চামড়া কেটে গেলে তা নষ্ট হয়ে যায়।
বাংলাদেশ হাইডস অ্যান্ড স্কিনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অদক্ষ কসাইয়ের জন্য প্রতি বছর প্রায় ২০ শতাংশ চামড়া নষ্ট হয়।
তিনি বলেন, একটু সাবধানতার সঙ্গে কাজ করলে চামড়া নষ্ট হয় না।
চামড়া নষ্ট হওয়ার জন্য তাড়াহুড়ো করাকেই দায়ী করেন আফতাব। একইসঙ্গে তিনি বলেন, "সবাই পশু কোরবানি করে মাংসের জন্য, চামড়ার জন্য নয়। তাই চামড়া নষ্ট হলো কি না, সে দিকে মনোযোগ থাকে না বেশিরভাগেরই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮২৫ ঘ.
bdnews24