বরিশাল, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের গৌরনদী উপজেলা থেকে হত্যা মামলার আসামি এক গৃহবধূ ও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উত্তর বাউরগাতি গ্রামে গৃহবধূ মিনু রহমান (৪০) এবং পশ্চিম চন্দ্রহার বটতলায় নবজাতকের লাশ পাওয়া যায়।
মিনু রহমান বাউরগাতী গ্রামের রিকশাচালক কাদের মোল্লার স্ত্রী।
মিনুর পুত্রবধূ লাইজু বেগম জানান, গত বৃহস্পতিবার রাতে কোনো এক সময় ঘর থেকে বের হয়ে আর ফেরেননি তার শাশুড়ি।
তাদের এক প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে মিনুকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে লাইজু বেগম জানান।
গৌরনদী থানার ওসি নূরুল ইসলাম জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর মিনুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওই গ্রামের ইদ্রিস তালুকদার হত্যা মামলার আসামি ছিলেন মিনু রহমান। কয়েকদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।
ওসি আরো জানান, পশ্চিম চন্দ্রহার বটতলায় প্লাস্টিকের ব্যাগের ভিতর এক নবজাতকের লাশ পাওয়া গেছে।
তবে এই শিশুর কোনো পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫৩ ঘ.
bdnews24