২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে রোববার ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার কোরবানির ঈদ উদযাপন করবে চাঁদপুরের পাঁচ উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 07:14 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

চাঁদপুর, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার কোরবানির ঈদ উদযাপন করবে চাঁদপুরের পাঁচ উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ। ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে সোমবার ঈদ উল আজহা হলেও হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের অনুসারীরা রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে। গত একশ' বছরের বেশি সময় ধরে এভাবে চলে আসছে বলে জানালেন দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার পবিত্র হজ হবে। এর একদিন পর ৭ নভেম্বর সেখানে ঈদুল আযহা। সে অনুযায়ী, চাঁদপুরের পাঁচটি উপজেলার অর্ধশতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ রোববার কোরবানির ঈদ পালন করবেন।" ঈদ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলেও জানান তিনি। রোববার সকাল ১০টায় সাদ্রা মাদ্রাসা মাঠে মাওলানা আবু জোফারের ইমামতিতে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। এই জামাতে প্রায় ছয় হাজার লোক অংশ নেবে বলে আশা করছেন মাওলানা আবু জোফার। রোববার ঈদ উদযাপিত হবে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামে। ১৯৩১ সালে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (র.) এই অঞ্চলে চন্দ্রমাসের হিসাবে ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের রীতি শুরু করেন। চাঁদপুর ছাড়াও শরীয়তপুর, বরিশাল ও চট্টগ্রামের কিছু অঞ্চলেও রোববার ঈদ উদযাপন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩১০ ঘ.