মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাটগুলো জমে উঠতে শুরু করলেও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতা-বিক্রেতা কোনো পক্ষই।
বিক্রেতাদের দাবি, প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, গতবারের চেয়ে পশুর দাম এবার কয়েকগুণ বেশি।
কুষ্টিয়ার ব্যাপারী এতিম আলী বলেন, "শুক্কুরবার থ্যেকি বেলায় বেলায় সব হাটে ভিড় বাইরছে। চইলব্যে ঈদের আগের রাইত পর্যন্ত। আগে আমি গরু ফেরত নিয়া যাতি যাতি ঈদের দিন সকালেও পথে গরু বেচিছি।"
নবাবপুর থেকে গরু কিনতে রাজধানীর সবচেয়ে বড় অস্থায়ী পশুর হাট নয়াবাজারে আসা ব্যবসায়ী মোহাম্মদ আজগর জানালেন, তার গরু পছন্দ হলেও দামে মিলছে না।
তিনি বলেন, "কেবল টিভি পর্দাতেই দেখি বাজার সস্তা। হাটে এসে তো দেখি ঘটনা উল্টো।"
রাজধানীর নিকেতন থেকে শুক্রবার বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে পশুর হাটে গরু কিনতে এসছিলেন চিকিৎসক মোহাম্মদ নুরুল ইসলাম। সঙ্গে তার দুই প্রতিবেশী- অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শেখ মতিউর রহমান এবং ব্যবসায়ী দেওয়ান নকিবুল ইসলাম। তাদের মনে হয়েছে, ঈদের এখনো দুইদিন বাকি থাকায় ব্যাপারীদের মধ্যে ছাড় দেওয়ার প্রবণতা কম।
"তারা বেশি দাম হাঁকাচ্ছে। আগামীকাল আবার আসবো, দেখি একটু কমে পাই কি না," বলেন নুরুল ইসলাম।
তেজগাঁ বেগুনবাড়ি এলাকার আলহাজ আবদুর রহমান একটু বিরক্তির সুরেই বললেন, "তিনদিন ধইরা এই হাটে ওই হাটে ঘুরতেছি। গরু যেইডাই ধরি কোনোটার দাম লাখের নিচে না।"
অবশ্য নয়াবাজার হাট পরিচালনা কমিটির সদস্য শফিকুল হক পাপ্পু মনে করেন, ঈদের দুই দিন আগের হিসাবে 'বিক্রি-বাট্টা' মন্দ না।
শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পুরান ঢাকার লোকজন একটু আগেভাগেই গরু কিনতে চায়, গরুটার উপর যাতে মায়া পড়ে যায় সেই জন্য। তাই অন্যান্য জায়গায় এখনো বেচাবিক্রি পুরোদমে শুরু না হলেও নয়াবাজার হাট শুক্রবারই জমে গেছে।"
পাপ্পুর দাবি, পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার গরু 'মোটামুটি' সস্তা।
"গতকাল (শুক্রবার) রাতেই একটা গরু বিক্রি হয়েছে ৫ লাখ টাকায়। বাজারে এইরকম চার-পাঁচ-ছয় লাখ টাকার গরু আছে একশোর ওপরে। আরো আসতেছে, প্রতিদিন ৫/৬শ ট্রাক গরু হাটে নামতেছে। আমরা জায়গা দিতে হিমশিম খাচ্ছি।"
ফলে এরই মধ্যে নয়াবাজার হাটের সীমানা তাঁতীবাজার মোড়, রায়সাহেব বাজার মোড় ও চিত্রামহল সিনেমা হল থেকে নয়াবাজার বংশাল রোড, আমরমানিটোলা ব্রিজের নিচ থেকে বাবুবাজার ঘাট ছাড়িয়ে গেছে।
কুষ্টিয়ার দহখোলা থেকে ব্যাপারী এতিম আলী এবার ২৫টি গরু নিয়ে নয়াবাজারে এসেছেন। প্রতিটির দাম চাইছেন ১ লাখ ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত।
"বিষ্যুদবার সকালে আইলেও এখনো বিক্রি হয়নি একটাও। বাজার ভালো কি মন্দ বুঝতেছি না।"
ক্রেতাদের মর্জি মেপে আর পরিবহন খরচ, গোখাদ্যের দামের হিসাব কষে এবার প্রত্যাশিত দাম পাওয়া যাবে কি না, তা নিয়েও সন্দিহান তিনি।
গরু নিয়ে আসার সময় কোনো ধরনের 'চাঁদাবাজির' মুখেস পড়তে হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, "না, সেইরকম কোনো সমস্যা হয় নাই। এইখানকার আইন-শৃঙ্খলাও ভালো।"
ঢাকা পলিটেকনিক মাঠে ৯টি গরু নিয়ে আসা জামালপুরের ব্যাপারী বেলাল হোসেন বলেন, "আমরা ৫ জন মানুষ। গরুগুলার খাওয়ার পিছনেই প্রত্যেকদিন খরচ ১৫শ টাকা। যে দামই চাই, শুইনাই কাস্টমার হাঁটা দেয়। কি যে হইবো আল্লা মালুম!"
তবে হাটের সার্বিক ব্যবস্থাপনা আর আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট বলেই জানালেন বেলাল।
রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী ছাড়া ডিসিসির অনুমোদনপ্রাপ্ত অস্থায়ী হাটগুলো হচ্ছে ঝিগাতলা হাজারীবাগ মাঠ, তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন খালি মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, উত্তর শাহাজানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রিসংঘের মাঠ, উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, গোপিবাগের ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, খিলগাঁও মেরাদিয়া বাজার, ধুপখোলা ইন্ট অ্যান্ড ক্লাব মাঠ ও গোলাপবাগ মাঠসংলগ্ন ডিসিসির আদর্শ স্কুল মাঠ।
সোমবার ঈদ হওয়ায় আগের দিন গভীর রাত পর্যন্ত এসব হাটে বিকিকিনি চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১১৪৪ ঘ.
bdnews24