ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আক্কাস উদ্দিন ভূইয়াকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার পুলিশ কর্তৃপক্ষ প্রত্যাহারের এ আদেশ দেয়। পুলিশ সুপারকে প্রত্যাহারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার এনাম আহমেদ ও বিজয় বসাককে বদলি করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "প্রশাসনিক কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।"
মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারী ব্যক্তিদের গুলিতে আহত হন লোকমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়। তিনি নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
লোকমান হত্যার পরপরই ছাত্রলীগ ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর করে। তিন দিনের হরতালও ডাকে ছাত্রলীগ। বুধবার নরসিংদীতে একটি ট্রেনে আগুনও দেওয়া হয়।
লোকমানের ছোট ভাই শামীম নেওয়াজ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক।
হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান একটি মামলা করেন। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করা হয়েছে, যাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। ওই মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে।
ক্ষমতাসীন দলের এ নেতাকে হত্যার পরপরই জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।
লোকমান হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদনও করেছে পুলিশ, যদিও লোকমানের পরিবার শুরু থেকেই হত্যাকাণ্ডের জন্য শাসক দলের নেতাদের বিশেষ করে মন্ত্রী রাজিউদ্দিনকে দায়ী করে আসছে।
আওয়ামী লীগের এ নেতা হত্যাকাণ্ডের কারণ দলীয় কোন্দল বলে দাবি করে আসছে বিএনপি। বিএনপি বলছে, মূল ঘটনা আড়াল করতে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী জেলা আওয়ামী লীগের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা বিভিন্ন জনকে জানিয়েছিলেন লোকমান। সালাউদ্দিন বাচ্চুর নামও একই পদে আলোচনায় থাকায় মন্ত্রীর সঙ্গে মেয়রের সম্পর্কের অবনতি ঘটে বলে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা জানান।
লোকমান হত্যাকাণ্ডের পর আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেসে আগুন এবং স্টেশন ভাংচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। রেল পুলিশের করা এ দুটি মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এলএইচ/এমআই/২৩০০ ঘ.
bdnews24