নারায়ণগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার বোন।
শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার লামাপাড়ায় এ দুর্ঘটনায় নিহত হয় শান্ত (৪)। আহত হয় তার বড়বোন রুমি (৯)। তারা ওই এলাকার সিদ্দিক মিয়ার সন্তান।
রুমিকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুমি সাংবাদিকদের জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এরপর তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৬ ঘ.
bdnews24