ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইডেন মহিলা কলেজের নির্মাণাধীন একটি ভবনে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে।
নিহত নায়েব আলী সেখানকার শ্রমিকদের খাবার রান্না করতেন। তার বাড়ি গাইবান্ধার শাখার হাটার কানিপাড়ায় বলে পুলিশ জানিয়েছে।
কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা পুলিশের কাছে এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নয় জন শ্রমিককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে ইডেন কলেজের নির্মাণাধীন ১১ তলা ভবনের নর্দমার পাশ থেকে নায়েবের জবাই করা লাশ উদ্ধার করা হয়।
ওই ভবনের শ্রমিক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ভবনের তৃতীয় তলায় রাতে মোট ১১৬ জন শ্রমিক ঘুমিয়েছিলো।
"নায়েবের সহকারী সাইফুল সকালে তৃতীয় তলা থেকে নিচের রান্না ঘরের কাছে গিয়ে দেখে নায়েবের লাশ দেখে সবাইকে খবর দেয়," বলেন তিনি।
নায়েব তিন বছর ধরে বাবুর্চির কাজ করছিলো বলে সাঈদ জানান।
লালবাগ থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হত্যাকাণ্ডের বাইরের কারো জড়িত থাকার সম্ভাবনা কম। ভেতরের কেউই করতে পারে।
নয় জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24