২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে আগুন ও ভাঙচুরের ঘটনায় দুই মামলা

পৌর মেয়র লোকমান হোসেন হত্যার প্রতিবাদে আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন ও স্টেশন ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 09:58 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

নরসিংদী, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর মেয়র লোকমান হোসেন হত্যার প্রতিবাদে আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন ও স্টেশন ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। স্টেশন ভাঙচুরের ঘটনায় মামলাটি করেছেন মাস্টার মরণ চন্দ্র দাস। এ ছাড়া এগারোসিন্দুর ট্রেনের পরিচালক আব্দুল বারি বাদি হয়েছেন ট্রেন পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার। ভৈরব জিআরপি থানায় করা উভয় মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে বলে মরণ চন্দ্র সাংবাদিকদের জানিয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। এই হত্যার প্রতিবাদে নরসিংদীতে ৭২ ঘণ্টার হরতাল ডাকে জেলা ছাত্রলীগ। হরতালের প্রথম দিন সকাল ১০টার দিকে নরসিংদী স্টেশন এলাকায় এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় বিক্ষুব্ধরা। এতে ওই ট্রেনের নয়টি বগি পুড়ে যায়। এ ছাড়া লোকমানের নিহত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার রাতে তাৎক্ষণিক রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাঙচুর করা হয়। স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় আগুনে নয়টি বগি পুড়ে যাওয়ায় রেলওয়ের এক কোটি ৮৮ লাখ ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর ভাঙচুরের কারণে স্টেশনের আর্থিক ক্ষতি নির্ধারণ করা হয়েছে তিন কোটি ৬৫ লাখ ২২ হাজার ৮০০ টাকা। দুটি মামলা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি বলে জানান মরণ চন্দ্র। এর আগে হত্যার ঘটনায় বৃহস্পতিবার টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাইকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই মো. কামরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৫৭ ঘ.