২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ভাবমূর্তিও ক্ষুন্ন করেছেন'

নারায়ণগঞ্জে সেনা না দিয়ে সংবিধান লঙ্ঘনের পর খালেদা জিয়াকে জড়িয়ে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর ভাবমূর্তিও ক্ষুন্ন করেছেন বলে অভিযোগ এনেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে সেনা না দিয়ে সংবিধান লঙ্ঘনের পর খালেদা জিয়াকে জড়িয়ে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর ভাবমূর্তিও ক্ষুন্ন করেছেন বলে অভিযোগ এনেছে বিএনপি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করার 'স্পষ্ট' ব্যাখ্যাও দাবি করেছে দলটি। খালেদা জিয়া জয়ের আশায় নারায়ণগঞ্জে সেনা চেয়েছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়। এর মাধ্যমে দেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে।" ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ২৮ অক্টোবর সকাল থেকে নির্বাচনী এলাকায় চার কোম্পানি সেনা মোতায়েনের নির্দেশনা দেয়। কিন্তু তা না হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে কমিশন ও সরকার। প্রধান বিরোধী দল বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে এবং বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার ভোটের ৭ ঘণ্টা আগে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এটিএম শামসুল হুদা হতাশা প্রকাশ করে বলেন, কমিশনের নিদের্শনা মানার ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সরকার তা করেনি। অবশ্য প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দাবি করেন, সেনা মোতায়েন না হওয়ায় "সংবিধানের ব্যত্যয় ঘটেনি।" শেখ হাসিনা বলেন, "তিনি (খালেদা জিয়া) আশা করেছিলেন, সেনাবাহিনী এসে ভোট চুরি করে তাদের জিতিয়ে দেবে। সেনাবাহিনীর দায়িত্ব কি ভোট চুরি করা?" তার ওই বক্তব্যের সমালোচনা করে শুক্রবার সকালে 'ছাত্রদল ফোরাম' আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ বলেন, "প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেশের জন্য ক্ষতিকর। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। তিনি (শেখ হাসিনা) এ ধরনের বক্তব্য দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনা বাহিনীর ভাবমূর্তিতে কালিমা লেপন করেছেন।" "আমরা স্পষ্টভাবে বলতে চাই- ভোট চুরির জন্য নয়, জনগণের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতেই নির্বাচনে সেনা বাহিনী মোতায়েন করা হয়। ভোট চুরির সঙ্গে সেনাবাহিনী জড়িত থাকে না। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সেনা মোতায়েনে সহযোগিতা না করার অপরাধবোধ থেকেই হয়তো প্রধামন্ত্রী এখন আবোল-তাবোল বলছেন," যোগ করেন এই বিএনপি নেতা। সাবেক সাংসদ মোশাররফ বলেন, "সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকার নির্বাচন কমিশনকে সেনা বাহিনী দিতে বাধ্য। নির্বাচন কমিশনের অনুরোধ অনুযায়ী নারায়ণগঞ্জে সেনা মোতায়েন না করে প্রধানমন্ত্রী সংবিধান লঙ্ঘন করেছেন।" প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাও দাবি করেন তিনি। ছাত্রদলের সাবেক নেতাদের নিয়ে গঠিত ছাত্রদল ফোরামের এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম 'গণতন্ত্র, স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৭ নভেম্বরের চেতনা' শীর্ষক এ আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৫৫ ঘ.