ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মন্ত্রণালয়ে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নন-ক্যাডার পদে ৮১ জন কর্মকর্তা নিয়োগ দেবে সরকার।
বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে বন গবেষণা ইন্সটিটিউটের ডিভিশনাল কর্মকর্তা পদে পাঁচজন, ফিল্ড ইনভেস্টিগেটর পদে ছয়জন, জুনিয়র কেমিস্ট পদে তিনজন, রিসার্চ অ্যাসিসটেন্ট একজন ও সিনিয়র রিসার্চ কর্মকর্তা হিসেবে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে পাঁচজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের বিভাগ/অধিদপ্তরের পুলের আওতায় সাতজন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গ্রন্থাগার অধিদপ্তরের সহকারি লাইব্রেরিয়ান পদে একজন, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/অধিপ্তরের পুলের আওতায় ৪০ জন, পররাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের পুলের আওতায় দুজনকে নিয়োগ দেওয়া হবে।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এসব নন-ক্যাডার পদের জন্য আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে।
সোনালী ব্যাংকের নির্ধারিত শাখা থেকে একশ' টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদনপত্র কমিশনের আগারগাঁওয়ের আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে।
আবেদনপত্র কেনার সময় সাধারণ নির্দেশাবলী, স্বতন্ত্র নির্দেশাবলী ও সিলেবাস সম্বলিত বুকলেটের কপি সরবরাহ করা হবে।
নন-ক্যাডার পদের বিজ্ঞপ্তি ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) পাওয়া যাবে।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আলী নূর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এর আওতায় বিজ্ঞাপনে উল্লেখিত শূন্যপদের বিপরীতে ৫০ শতাংশ পদ বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে পূরণ করা যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/২২৫৮ ঘ.
bdnews24