২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ডাকাতি, গৃহকর্তাসহ আহত ২

বাগেরহাট সদর উপজেলায় ডাকাতের হামলায় এক গৃহকর্তা ও তার মেয়ে গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

বাগেরহাট, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলায় ডাকাতের হামলায় এক গৃহকর্তা ও তার মেয়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে বাগমারা গ্রামে এ হামলায় আহতরা হলেন ওই এলাকার বৈদ্যনাথ দে (৫৫) এবং তার মেয়ে কলেজছাত্রী মৌমিতা দে (২২)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গত ১ অগাস্টও একই বাড়িতে ডাকাতির চেষ্টা করেছিল। কিন্তু এলাকাবাসী এগিয়ে আসায় সম্ভব হয়নি। বৈদ্যনাথের স্ত্রী শান্তনা দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে ঘরের পেছনের মাটির দেয়াল খুঁড়ে দুই ডাকাত ভেতরে ঢুকে ঘরের দরজা খুলে দেয়। এরপর ঢোকে আরো চার-পাঁচ জন। ওই সময় তাদের বড় মেয়ে মৌমিতা টেবিলে বসে পড়ছিল। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয়। তার চিৎকার শুনে তারা স্বামী-স্ত্রী ছুটে গেলে ডাকাতরা বৈদ্যনাথকে ধরে শরীরের বিভিন্ন স্থানে কোপায়। পরে আলমারী থেকে নগদ প্রায় দশ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল নিয়ে চলে যায়। তবে স্বর্ণালঙ্কার ও মালামালের হিসাব তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। শান্তনা দে আরো বলেন, গত রমজান মাসের প্রথম দিকে তাদের বাড়িতে আরো একবার হামলার চেষ্টা হয়। ওই সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল খান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ঘটনাটি সিঁধেল চুরি না ডাকাতি তা এখনই বলা যাবে না। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৮ ঘ.