২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নৌ-ডাকাতি, হামলায় আহত ৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পিপুলিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদের পূর্ব চ্যানেলে একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

গাইবান্ধা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পিপুলিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদের পূর্ব চ্যানেলে একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাতে এ হামলায় ডাকাতরা যাত্রীদের নগদ পাঁচ লাখ টাকা ও ৩০টি মোবাইল ফোন সেট লুট করেছে। তাদের মারধরে অন্তত ছয়জন আহত হন। আহতরা হলেন উপজেলার টেংরাকান্দি গ্রামের জিল্লুর রহমান, কেরামত আলী, মজিদ পাইকার, নৌকার মাঝি হাসেম আলী, ফুলছড়ি ইউনিয়ন পরিষদ সদস্য মফিদুল ইসলাম বাবু ও আব্দুর রহমান। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নৌকার যাত্রী মফিদুল ইসলাম বাবু ও আব্দুর রহমান জানান, সন্ধ্যায় ফুলছড়ি হাট থেকে হাসেন আলী মাঝি তার নৌকায় ৫০/৬০ জন যাত্রী নিয়ে ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি গ্রামের উদ্দেশ রওনা হন। রাত ৮টার দিকে নৌকাটি গন্তব্যের কাছে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত নৌকায় আগে থেকে অবস্থান নেওয়া অন্তত ১৫ জন ডাকাত ফাঁকা গুলি করে এবং যাত্রীদের মারধর শুরু করে। এরপর লুটপাট চালিয়ে তারা চলে যায়। ফুলছড়ি থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্ভবত ফুলছড়ি থানার সীমানায় ঘটেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.