২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম বিসিএসের ফল প্রকাশ

বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৩৬৭ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 10:47 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৩৬৭ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, ৩০তম বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা ছিলো ১ লাখ ৪৭ হাজার ৩৯৫ জন। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পর ৯ হাজার ৫৯ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। মৌখিক পরীক্ষা শেষে উত্তীর্ণ হন ৫ হাজার ৮১০ জন। নেছার বলেন, "শূন্য পদের সংখ্যা কম হওয়ায় এদের মধ্যে ২ হাজার ৩৬৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পদ স্বল্পতার কারণে যাদের বিষয়ে সুপারিশ করা সম্ভব হয়নি, তাদের নন-ক্যাডার পদে নিয়োগের চেষ্টা করা হবে।" তবে এর কোনো নিশ্চয়তা নেই বলেও উল্লেখ করেন তিনি। পিএসসি যাদের নিয়োগের সুপারিশ করেছে, তাদের মধ্যে ১ হাজার ৬২৩ জন পুরষ এবং ৭৪৪ জন নারী। এদের মধ্যে সাধারণ ক্যাডারে প্রশাসনে ২৮৫ জন, পররাষ্ট্রে ২০, পুলিশ ১৯১, নিরীক্ষা ও হিসাব ৪১, আনসার ৪৪, শুল্ক ও আবগারীতে ৫৪, সমবায়ে ৮, খাদ্য ১০, পরিবার পরিকল্পনা ১৯, ডাক ৬, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ৫, কর ৩৫, বাণিজ্য ২, ইকনমিক ২৫ এবং তথ্যে ২০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি। প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারের কৃষিতে ৫৮ জন, মৎস্যে ৫৬, খাদ্যে ২, স্বাস্থ্যে ৫৭০, তথ্যে ৫, সড়ক ও জনপথে ৪২, রেলওয়ে প্রকৌশলে ২৪, জনস্বাস্থ্য প্রকৌশলে ১৯, গণপূর্তে ২৬, পরিসংখ্যানে ১৪, পশু সম্পদে ১৮৫ এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৫৮৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও 'তথ্য বিভ্রাট ও প্রশাসনিক' কারণে ১৩ জনের সুপারিশ সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে পিএসসি। গত বছরের ৩০ জুলাই এ বিসিএসের প্রিলিমিনারি এবং চলতি বছর লিখিত পরীক্ষা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/জেকে/১৭৫৪ ঘ.