২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্কুলছাত্র জবাই

রাজধানীর পল্লবীর মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস (এমইএস) কোয়ার্টার থেকে এক ছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর পল্লবীর মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস (এমইএস) কোয়ার্টার থেকে এক ছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টার দিকে কোয়ার্টারের তৃতীয় তলার নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। নিহত মো. শামীন ইয়াসার শাওন (১৫) মিরপুর নেভাল স্কুলের নবম শ্রেণীর ছাত্র। পল্লবী থানার ওসি মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাওনের বাবা ফরিদ আহমেদ সাভারে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। মা হাসিনা বেগম মিলিটারির সিভিল বিভাগে চাকরি করেন।" শাওনকে বাসার বটি ও ছোরা দিয়ে জবাই করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ওই বাটি ও ছোরা উদ্ধার করা হয় বলে ওসি জানান। শাওনের বাবা ফরিদ আহমেদ সাংবাদিকদের জানান, তিনি সাভারে থাকেন। প্রতি বৃহস্পতিবার ঢাকা আসেন, শনিবার চলে যান। শাওন খুবই বন্ধুপ্রিয়। বন্ধুদের সঙ্গে বেশি আড্ডা দিতো। সকালে তার মা কাজে যাওয়ার পর কোন বন্ধু বাসায় ঢুকে এ হত্যাকা- ঘটিয়েছে বলে তার ধারণা। শাওনের মা হাসিন বেগম সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৭টায় অফিসে যান। দুপুর আড়াইটায় বাসায় এসে বাইরে থেকে তালা মারা দেখেন। পরে চাবি দিয়ে ঘরে ঢুকে শাওনের রক্তাক্ত গলাকাটা লাশ মেঝেতে দেখতে পান। তিনি বলেন, ইদানিং শাওন স্কুলে না গিয়ে প্রায়ই আসিফ নামে এক বন্ধুর সঙ্গে আড্ডা দিতো। আসিফই অন্য বন্ধুদের নিয়ে এ হত্যাকা- ঘটিয়েছে বলে তার ধারণা। বাসার আলমারি খোলা ছিলো। তবে কিছু খোয়া গেছে কিনা তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। শাওন তার বাবা-মার একমাত্র সন্তান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরএম/পিডি/২৩২৫ ঘ.